
অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি এক ভারতীয় যাত্রী। এ কারণে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিসংবলিত নোট রেখে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ নম্বর ফ্লাইটের এয়ারবাস এ৩২০ নিও উড়োজাহাজটি। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানে ছিনতাইয়ের হুমকির বিষয়ে পাইলটের কাছ থেকে সতর্কবার্তা পায় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বিমানের শৌচাগারে ছিনতাইয়ের হুমকিসংবলিত একটি নোট খুঁজে পান বিমানকর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে জানানো হয়। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন এক পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি নিজেও ক্যানসারে আক্রান্ত। তার স্ত্রীও একই রোগে ভুগছেন। চাকরির প্রয়োজনে ওই ব্যক্তির দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল। তবে অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে রাজি ছিলেন না তিনি।
জিজ্ঞাসাবাদে নিজের দায় স্বীকার করে ওই যাত্রী জানান, স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ার কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।
তবে তার গুরুতর অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে আপাতত তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করার কথা রয়েছে।
এ ঘটনায় অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না কিংবা এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে এনএসসিবিআই থানার পুলিশ।
উল্লেখ্য, এর আগেও গত ২৪ অক্টোবর কলকাতা বিমানবন্দরে একই ধরনের আতঙ্ক ছড়িয়েছিল। সেদিন একটি বিমানের শৌচাগারের আয়নায় ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফট’ (বিমানের ভেতরে বোমা) লেখা দেখতে পান সংশ্লিষ্টরা। পরে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
আরটিভি/এসকে


