
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল থাকা এক দোকানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। চেহারার এই অদ্ভুত মিল নিয়ে অনেকে হাস্যরস করলেও তৈরি হয়েছে বিতর্ক। এমনকি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওই দোকানিকে বয়কটের আহ্বানও জানিয়েছেন।
আজারনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি তেহরানের একজন দোকানি। তার দোকানে শুকনো ফল, বাদাম ও মিষ্টিজাতীয় পণ্য বিক্রি করা হয়। সম্প্রতি একটি ভিডিওতে তাকে দোকানের ভেতরে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তার মুখের গড়ন, চুলের রেখা ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর মিল খুঁজে পান।
এরপর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কেউ তার দোকানের অবস্থান জানার চেষ্টা করেন, আবার কেউ মিল তুলে ধরে আরও ভিডিও প্রকাশ করেন।
তবে বিষয়টি কেবল মজার আলোচনায় সীমাবদ্ধ থাকেনি। তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নেতানিয়াহুর মতো দেখতে হওয়ার কারণে ওই দোকানিকে বয়কটের আহ্বান জানিয়েছেন কেউ কেউ। এতে তার ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলেও দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে দোকানির অসন্তোষের কথাও উঠে এসেছে।
ভিডিওটির মূল উৎস, ধারণের সময় এবং ওই ব্যক্তির পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ঘটনাটি রাজনৈতিক সংবেদনশীলতার নতুন উদাহরণ হয়ে উঠেছে।
আরটিভি/ এসকেডি




