
সিঙ্গাপুরে রাস্তা পার হতে গিয়ে একটি মোরগের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করে উল্টো ১৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ১৫ লাখ টাকা) আইনি খরচ গুনতে হচ্ছে এক নারী যাত্রীকে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি ইভন চেন কিয়ানইউন তান টেং কিয়াতের চালানো একটি ব্যক্তিগত গাড়িতে যাত্রী হিসেবে ছিলেন। এ সময় হঠাৎ একটি মোরগ গাড়ির সামনে চলে এলে সেটিকে এড়াতে চালক জোরে ব্রেক করেন। এতে গাড়ির ভেতরে থাকা চেন আহত হন।
পরে চালকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে আদালতে মামলা করেন চেন। তবে মোরগটি কীভাবে রাস্তা পার হচ্ছিল, তা নিয়ে দুজনের বক্তব্যে ভিন্নতা দেখা দেয়। চালকের দাবি, মোরগটি উড়ে রাস্তা পার হচ্ছিল। অন্যদিকে চেনের দাবি, মোরগটি আগে থেকেই রাস্তার ওপর অবস্থান করছিল।
এমনকি মোরগটির পরিচয় নিয়েও মতবিরোধ তৈরি হয়। চেন পাখিটিকে ‘জঙ্গল ফাউল’ বা বন মোরগ বলে দাবি করলেও চালক সেটিকে সাধারণ মোরগ হিসেবে উল্লেখ করেন।
মামলার শুনানিতে জেলা বিচারক জোনাথন এনজি প্যাং আর্ন বলেন, মোরগটির কারণে সামনের গাড়িটি ব্রেক করতে বাধ্য হয়েছিল এবং সংঘর্ষ এড়াতে চালকও ব্রেক করেন। এতে যাত্রী আহত হলেও ওই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চালকের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না।
বিচারক আরও পর্যবেক্ষণ করেন, চেন একজন নিরপরাধ যাত্রী হলেও এ ঘটনার জন্য চালককে দায়ী করা যায় না। কারণ, প্রতিটি দুর্ঘটনা বা ক্ষতির জন্য কাউকে না কাউকে দায়ী করা আইনের উদ্দেশ্য নয়। কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিছক দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবেই বিবেচিত হয়।
শেষ পর্যন্ত চালকের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দেন আদালত। একই সঙ্গে মামলার আইনি খরচ বাবদ চালক তান টেং কিয়াতকে ১৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পরিশোধের নির্দেশ দেন আদালত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা। ফলে চালকের বিরুদ্ধে মামলা করে উল্টো বড় অঙ্কের আইনি খরচ দিতে হচ্ছে ওই নারীকে।
আরটিভি/এসকে




