
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় দেশটির সামরিক বাহিনীর ওপর প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দে কেঁদেছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে নিজেদের দীর্ঘদিনের কষ্ট ও নির্যাতনের স্বীকৃতি হিসেবে দেখছেন তারা। তবে আনন্দের পাশাপাশি তাদের মনে একটাই প্রশ্ন—কবে ফিরতে পারবেন নিজ দেশে?
শুক্রবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রায় ঘোষণার খবর মুঠোফোনে দেখছিলেন কক্সবাজারের ১ম শিবিরের বাসিন্দা উম্মে রুমান। ইন্টারনেটের দুর্বল সংযোগে সরাসরি সম্প্রচার দেখতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি পান তিনি। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার খবর দেখে আনন্দে কেঁদে ফেলেন। ছুটে গিয়ে জড়িয়ে ধরেন রান্না করতে থাকা ভাবিকে।
রুমান আল জাজিরাকে বলেন, আনন্দে কেঁদেছি। কারণ, প্রথমবারের মতো বিশ্ব আমাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা স্বীকার করেছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার এই রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। এতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়। দীর্ঘদিনের অস্বীকৃতির পর এই রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন তারা।
শিবিরের ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান বন্ধু ও শিক্ষকের সঙ্গে কম্পিউটারে রায় দেখেন। তার ভাষ্য, খবরটি শুনে কেউ কেঁদেছেন, কেউ প্রার্থনা করেছেন। রায় শুনে তার মনে হয়েছে, এবার হয়তো নিজ দেশে ফেরার পথ খুলবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দ প্রকাশ করেন।
তবে রায়ের আনন্দের মধ্যেও ফিরে এসেছে ২০১৭ সালের ভয়াবহ স্মৃতি। রোহিঙ্গা যুবক নুরুল আমিন আল জাজিরাকে বলেন, গণহত্যার স্বীকৃতিতে তিনি খুশি হলেও সামরিক অভিযানে স্বজন, বাড়িঘর ও জীবনের ওপর নেমে আসা নির্যাতনের কথা মনে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে তাদের প্রত্যাশা শুধু স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়। নাগরিকত্ব ও অধিকার ফিরে পাওয়া, নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার সুযোগ চান তারা।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ




