
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’-এ অভিনয় করেছেন নাম ভূমিকায়। এই সিরিজের দৃশ্যধারণের সময় গুরুতর আহত তিনি। কিন্তু পুরো ইউনিটের ক্ষতি হবে ভেবে চালিয়ে যান শুটিং।
সিরিজটির পরিচালক শিহাব শাহীন বলেন, শুটিংয়ের সময় হঠাৎ করেই গুরুতরভাবে আহত হন অপূর্ব। সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিস্ট এসে প্রাথমিকভাবে চিকিৎসা দিলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। পরে চিকিৎসক দ্রুত পেইন কিলার ইনজেকশন দেওয়ার পর তিনি কিছুটা স্বাভাবিক হন। এ সময় তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়। কিন্তু শুটিংয়ের ক্ষতি হবে ভেবে তিনি কাজ চলমান রাখেন।

তিনি আরও বলেন, এরপর টানা কয়েকদিন শুটিং ছিল। কিন্তু অপূর্ব বিরতি নেননি। তিনি এমনই। কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড। পাশাপাশি নিজের আগে অন্য সবার কথা চিন্তা করেন। এটাই তার গুণ।
বিষয়টি নিয়ে অপূর্ব বলেন, শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না। একটা কাজের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকেন। তাদের কথাও ভাবতে হবে। তাছাড়া আমার অনেক আগে থেকেই ব্যাকপেইনের সমস্যা। তার মধ্যে ওইদিন আহত হওয়া, সবকিছু মিলিয়ে খুব পেইন হচ্ছিল। পরে পেইন কিলার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই।
প্রসঙ্গত, স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’-এ অপূর্ব ছাড়াও সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, রাশেদ মামুন অপু, নাজমুস সাকিব, সাবরিন আজাদ প্রমুখ অভিনয় করেছেন। সব ঠিক থাকলে আগামী ১৩ জুন সিরিজটি মুক্তি পাবে।




