
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া র্যাপিড ট্রানজিটের (বিএআরটি) ওকল্যান্ড অংশজুড়ে ট্রেন সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নেটওয়ার্কটির কলিজিয়াম স্টেশনের কাছে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ব্যস্ত রুটে ট্রেন চলাচল পুরোপুরি থমকে যায়।
বিএআরটি কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে কলিজিয়াম স্টেশনের কাছে রেললাইনে অগ্নিকাণ্ডের পরপরই পুরো নেটওয়ার্কজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। এর ঠিক আগেই ফ্রুটভালে স্টেশনর ট্র্যাকে একটি যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গিয়েছিল। তবে কলিজিয়ামের আগুনের ঘটনা নিশ্চিত হওয়ার সাথে সাথে বেরিয়েসা লাইনের রিচমন্ড, ডেলি সিটি, ডাবলিন ও প্লেজ্যান্টনমুখী সবকটি রুটেই ট্রেন চলাচল স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রুটভেলে ও বে ফেয়ার স্টেশনের মধ্যবর্তী সম্পূর্ণ অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া দেওয়া হয়।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) সূত্রে জানা গেছে, ওকল্যান্ডের স্যান লিয়ান্ড্রো স্ট্রিটের কাছে বিকেল ৪টা ৪২ মিনিটে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে বিএআরটি ও ইউনিয়ন প্যাসিফিক রেলরোড—উভয় লাইনের ট্র্যাকে গিয়ে পড়ে। উচ্চক্ষমতাসম্পন্ন এই তারটি ছিঁড়ে পড়ার পরপরই সেখানে বিকট শব্দে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে।
ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কলিজিয়ামসহ আশপাশের স্টেশনগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে আলামেডা-কনট্রা কোস্টা ট্রানজিটের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিশেষ বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, গত সপ্তাহজুড়েই বিএআরটি নেটওয়ার্কে একের পর এক যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছিল। এর আগে ডেলি সিটি স্টেশনের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে বেরিয়েসা ও ডেলি সিটির মধ্যে ‘গ্রিন লাইন’ পরিষেবা স্থগিত করতে হয়েছিল।
আরটিভি/এআর


