
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) প্রধান পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত রিচার্ড শ্রোয়ারের নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে হোয়াইট হাউস।
নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর র্যান্ড পল বিরোধী দল ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রক্রিয়া আটকে দেওয়ার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হোয়াইট হাউস সংক্ষিপ্ত এক স্মারকলিপির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে।
রিপোর্ট অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির জ্যেষ্ঠ সহকারী হিসেবে কর্মরত রিচার্ড শ্রোয়ারকে গত জুনে আইসিই প্রধান হিসেবে মনোনয়ন দেন ট্রাম্প। তবে বিশাল একটি কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বে ট্রাম্পঘনিষ্ঠ শ্রোয়ারকে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় শুরু থেকেই বিষয়টি নিয়ে মিত্রদের মনেও অসন্তোষ ও সমালোচনা দেখা দেয়।
সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান র্যান্ড পল মিনেসোটার মিনিয়াপোলিসে আইসিই এবং বর্ডার প্যাট্রোলের গুলিতে দুই ফিলিস্তিনি-আমেরিকানসহ মার্কিন নাগরিক নিহতের বিস্তারিত তদন্ত রিপোর্ট হোয়াইট হাউসের কাছে দাবি করেছিলেন। মিনিয়াপোলিসে রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নামের দুই বিক্ষোভকারী নিহতের ঘটনায় হোয়াইট হাউস পর্যাপ্ত তথ্য না দেওয়ায় তিনি পুরো কমিটির সামনে শ্রোয়ারের নিয়োগ চূড়ান্ত ভোটাভুটির বিষয়টি ঝুলিয়ে রাখেন।
২০১৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই অভিবাসন সংস্থায় সিনেট অনুমোদিত কোনো স্থায়ী প্রধান নেই; ডেভিড ভেনচুরেলার মতো বিভিন্ন ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে এতদিন সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
অবৈধ অভিবাসীদের বের করে দিতে ট্রাম্প প্রশাসন যখন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন অভিযানের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিজ দলের অভ্যন্তরেই তার এই কঠোর নীতি প্রবল প্রতিরোধের মুখে পড়ছে। ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার প্রকাশ্যে সতর্ক করেছেন যে ট্রাম্পের বিতর্কিত এই নীতি ২০২৪ সালের নির্বাচনে সমর্থন দেওয়া বিপুল পরিমাণ ভোটারকে রিপাবলিকানদের থেকে দূরে ঠেলে দিচ্ছে।
আরটিভি/এআর


