
নিউইয়র্ক শহরে দীর্ঘদিন ধরে চলা পাবলিক টয়লেট সংকট নিরসনে চার মিলিয়ন ডলারের নতুন এক পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। মেয়র জোহরান মামদানির এই এক বছর মেয়াদি প্রকল্পের আওতায় শহরের পাঁচটি বরোতেই চালু হচ্ছে ১৭টি সর্বাধুনিক পাবলিক টয়লেট। তবে এসব টয়লেট ব্যবহারের ক্ষেত্রে রাখা হয়েছে এক ব্যতিক্রমী নিয়ম—ভেতরে প্রবেশের পর সর্বোচ্চ ১০ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা, সময় পার হলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে দরজা।
নিউইয়র্কের অধিবাসীদের জন্য বিনামূল্যে সেবা দেওয়া এই টয়লেটগুলো সম্পূর্ণ প্রতিবন্ধীবান্ধব। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকা এসব ইউনিটে ফ্লাশ টয়লেট, রানিং ওয়াটার, স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শিশুদের ডায়াপার পরিবর্তনের সুব্যবস্থা রয়েছে। চালকহীন বা স্বয়ংক্রিয় এই সুবিধায় ব্যবহারকারীরা মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে, কিউআর কোড স্ক্যান করে, বিশেষ অ্যাপ কিংবা স্থানীয় প্রবীণ ও দুস্থদের জন্য নির্ধারিত ট্যাপ কার্ডের মাধ্যমে প্রবেশ করতে পারবেন। ‘থ্রোন বাথরুম নেটওয়ার্ক’ অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা টয়লেট খালি আছে কি না বা সর্বশেষ কখন পরিষ্কার করা হয়েছে, তাও সরাসরি দেখতে পাবেন।
সবচেয়ে আলোচিত ১০ মিনিটের সময়সীমার বিষয়ে জানা যায়, ভেতরে প্রবেশের পর পাঁচ মিনিট ও আট মিনিটের মাথায় ব্যবহারকারীকে অডিও সতর্কবার্তা দেওয়া হবে। সময় ১০ মিনিট পূর্ণ হলেই আলো জ্বলে উঠবে এবং অডিও বার্তার মাধ্যমে দরজার লক খুলে দেওয়া হবে। প্রায় ৩০ সেকেন্ডের একটি চূড়ান্ত সতর্কবার্তা শেষে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় ঘোষণা দিয়ে দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। মূলত দীর্ঘ সময় ধরে অহেতুক টয়লেট দখল বা অনৈতিক কার্যক্রম প্রতিরোধে এই কঠোর নিয়ম তৈরি করা হয়েছে।
টয়লেট পরিচালনাকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘থ্রোন ল্যাবস’ জানিয়েছে, গবেষণায় দেখা গেছে প্রায় ৮১ শতাংশ মানুষ পাঁচ মিনিটের মধ্যেই টয়লেটের কাজ শেষ করেন। লস অ্যাঞ্জেলেসে চালুর পর প্রায় ৯৫ শতাংশ মানুষই ১০ মিনিটের আগে বের হয়ে এসেছেন, তাই অধিকাংশ ব্যবহারকারীর জন্যই এই সময়সীমা যথেষ্ট।
ম্যানহাটনের কুপার স্কয়ার, ব্রুকলিনের কলম্বাস পার্ক, কুইন্সের অ্যাস্টোরিয়া বুলেভার্ড ও ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়াম এলাকাসহ ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডের মোট ১৭টি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এই আধুনিক ইউনিটগুলো বসানো হচ্ছে। এগুলো মূল ভূগর্ভস্থ পানি বা পয়োনিষ্কাশন লাইনের সঙ্গে সংযোগ করার প্রয়োজন নেই বলে দ্রুত স্থাপন করা যায় এবং প্রয়োজন বুঝে যেকোনো স্থানে স্থানান্তরও সম্ভব।
মামদানি প্রশাসনের আশা, এই ১৭টি পরীক্ষামূলক টয়লেটের সফলতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে সমগ্র নিউইয়র্ক শহরজুড়ে একটি শক্তিশালী ও সুপরিচ্ছন্ন পাবলিক টয়লেট নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে।
আরটিভি/এআর


