
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ২৯ বছর বয়সী তাসিয়া ফরচুনের মৃত্যুর ঘটনায় তৃতীয় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরিক ক্লার্ক নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গত আগস্টে মিসিসিপির একটি পরিত্যক্ত বাড়ির পেছনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফরচুনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে নতুন তথ্য সামনে এনে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের তথ্য অনুযায়ী মরদেহ ঝোলানোর ঘটনাটি এবং ঘটনাস্থলটি সাজানো হয়েছিল।
তবে কীভাবে ঘটনাটি সাজানো হয়েছিল বা ফরচুনকে কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। ক্লার্ককে সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।
ফরচুনের মৃত্যুর ঘটনায় এর আগে আর্নেস্ট লয়েড জুনিয়র ও জারকুয়েস র্যাটলিফ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগ আনা হয়।
পুলিশ জানিয়েছে, ৫১ বছর বয়সী র্যাটলিফের সঙ্গে ফরচুনের কোনো ধরনের সম্পর্ক বা যোগাযোগ ছিল। তবে সেই সম্পর্কের বিস্তারিত জানানো হয়নি। র্যাটলিফ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তার জামিন আবেদনও নাকচ হয়েছে।
অন্যদিকে ২৫ বছর বয়সী লয়েডের সঙ্গে ফরচুনের মৃত্যুর কয়েক দিন আগে অথবা মৃত্যুর কিছুক্ষণ আগে শারীরিক সংঘর্ষ হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের অভিযোগ, লয়েড কালো তারের সাহায্যে ফরচুনকে ঝুলিয়ে দেন। তারও জামিন নামঞ্জুর করা হয়েছে।
ফরচুনের মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তকারীরা এখন পর্যন্ত প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি ফরেনসিক আলামত সংগ্রহ করে বিভিন্ন সূত্র যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে বেশ কয়েকটি সূত্র অনুসরণ করা হয়েছে। তবে ফরচুনের মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র: দ্য এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


