ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মিসিসিপিতে নোলান ওয়েলসের মৃত্যু, গ্র্যান্ড জুরির তদন্ত শেষে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
মিসিসিপিতে নিহত ১৮ বছর বয়সী নোলান ওয়েলস; তার মৃত্যুর ঘটনায় কাউকে অভিযুক্ত করেনি গ্র্যান্ড জুরি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর নোলান ওয়েলসের মৃত্যুর ঘটনায় কাউকে অপরাধী হিসেবে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। গ্র্যান্ড জুরি তদন্ত শেষে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ না আনার সিদ্ধান্ত জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় জেলা অ্যাটর্নি অ্যাঞ্জেল মায়ার্স ম্যাকইলরাথ এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, গ্র্যান্ড জুরি ‘নো ট্রু বিল’ সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

নোলান গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে মিসিসিপির হর্ন আইল্যান্ডে ছিলেন। নৌকায় যাওয়া যায় এমন এই দ্বীপে তাকে শেষবার দেখা যায় ওই দিন বিকেলে। দুই দিন পর ৬ জুলাই দ্বীপটির উত্তর-পশ্চিম প্রান্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নোলানের মৃত্যু নিয়ে কয়েক মাস ধরে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল। বিশেষ করে তার কৃষ্ণাঙ্গ পরিচয়ের কারণে ঘটনাটিতে বর্ণগত কোনো বিষয় ছিল কি না, তা নিয়ে আলোচনা হয়।

তবে জেলা অ্যাটর্নি মায়ার্স ম্যাকইলরাথ বলেন, নোলানের নিখোঁজ হওয়া বা মৃত্যুর পেছনে বর্ণগত কোনো উদ্দেশ্য ছিল—এমন কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, নোলানের বন্ধুরা তাকে ভালোবাসত এবং নোলানও তাদের ভালোবাসতেন। ওই দিন নোলান নিজেই দ্বীপে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর বিপরীত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গ্র্যান্ড জুরির প্রকাশিত আংশিক প্রতিবেদন অনুযায়ী, তদন্তে ১৩২টি তলব জারি করা হয় এবং ৪৩ জনের বক্তব্য নেওয়া হয়। আরও সাতজনকে গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

গ্র্যান্ড জুরিতে জ্যাকসন কাউন্টির বিভিন্ন শ্রেণি-পেশার ২৩ জন নাগরিক ছিলেন। তাদের বয়স ছিল ২৭ থেকে ৬৮ বছরের মধ্যে। সদস্যদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, গ্র্যান্ড জুরি হর্ন আইল্যান্ডে ২০২৬ সালের ৪ জুলাই যাতায়াত করা ব্যক্তিদের কারও বিরুদ্ধে নোলানের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কোনো অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি।

তদন্তে আরও বলা হয়েছে, হর্ন আইল্যান্ডে নৌকা ও পানিতে মানুষের একসঙ্গে সময় কাটানো স্বাভাবিক ঘটনা। একই নৌকায় সবাই দ্বীপে আসা বা ফিরে যাওয়াও জরুরি নয়। তাই নোলানের বন্ধুরা আগে চলে যাওয়ার পর তার আলাদা নৌকায় ফেরার কথা ছিল—এটিকে অস্বাভাবিক বা সন্দেহজনক মনে হয়নি তদন্তকারীদের কাছে।

গ্র্যান্ড জুরির প্রতিবেদনে বলা হয়েছে, নোলানকে শেষবার দেখার দিন তার সঙ্গে কারও শারীরিক সংঘর্ষ বা তর্ক হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তার মরদেহ যেখানে, যে অবস্থায় এবং যে সময়ে পাওয়া গেছে, তা পানিতে ডুবে মৃত্যুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নোলানের পরিবার ও তাদের আইনজীবী এর আগে তার ডুবে মৃত্যুর ধারণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরিবারের পক্ষ থেকে করা স্বাধীন ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ ও ধরন ‘অনির্ধারিত’ বলে উল্লেখ করা হয়।

গ্র্যান্ড জুরি প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের প্রধান চিকিৎসা পরীক্ষক এবং পরিবারের পক্ষে নিয়োগ করা একজন ফরেনসিক চিকিৎসক—দুজনই নোলানের মৃত্যুর কারণ ও ধরন অনির্ধারিত বলে মত দিয়েছেন। তবে তারা দুর্ঘটনাজনিত পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি বাদ দেননি।

নোলানের পরিবারের আইনজীবী ও নাগরিক অধিকারকর্মী বেন ক্রাম্প এর আগে তার মৃত্যুর ঘটনায় বর্ণগত বিষয় জড়িত থাকতে পারে বলে প্রশ্ন তুলেছিলেন। কারণ, ওই দিন দ্বীপে থাকা অল্প কয়েকজন কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে নোলান একজন ছিলেন।

তবে জেলা অ্যাটর্নি সোমবার ক্রাম্প ও তার দলের সমালোচনা করেন। তিনি বলেন, নোলানের বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটিত হয়েছে—এমন প্রমাণ তারা পাননি বলে আগে তার কার্যালয়কে জানিয়েছিল ক্রাম্পের দল।

অন্যদিকে ক্রাম্প এক বিবৃতিতে বলেন, গ্র্যান্ড জুরির কাউকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত নোলানের মৃত্যু কীভাবে হয়েছে, সেই প্রশ্নের উত্তর দেয় না।

তার ভাষ্য, নোলানের মৃত্যুর বিষয়ে নথি, প্রমাণ ও স্বাধীন তদন্তের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা পাওয়ার অধিকার জনগণের রয়েছে। কাউকে অভিযুক্ত না করার সিদ্ধান্তের পরও এ বিষয়ে আরও প্রশ্নের সুযোগ থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

নোলানের শেষকৃত্য ২০ জুলাই অনুষ্ঠিত হয়। সেখানে শত শত মানুষ অংশ নেন।

সেদিন নোলানের মা ক্রিস্টিন ওয়েলস-ওন্সলি ছেলেকে স্মরণ করে বলেন, তার অনুপস্থিতি এমন এক শূন্যতা তৈরি করেছে, যা কখনও পূরণ হওয়ার নয়। তিনি নোলানের মতো অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

গ্র্যান্ড জুরির সিদ্ধান্তের পরও নোলান ওয়েলস কীভাবে মারা গেলেন, তা নিয়ে তার পরিবার ও আইনজীবীরা আরও তথ্য ও স্বাধীন তদন্তের দাবি জানিয়ে আসছেন।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ায় নির্বাচন: পুতিনের দলের নিরঙ্কুশ জয়
রাশিয়ার পার্লামেন্ট ডুমা-র নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিশাল জয় পেয়েছে।  
রাশিয়ায় নির্বাচন: পুতিনের দলের নিরঙ্কুশ জয়
চালু হলো ‘ট্রাম্প টিভি’
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে। 
চালু হলো ‘ট্রাম্প টিভি’
যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, শেষ পর্যন্ত জয় কার
যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে এবার রিংয়ের ভেতর মুখোমুখি হলো মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রোবট। ভার্চুয়াল রিয়েলিটি-ভিত্তিক কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে অভিনব এই লড়াইয়ের আয়োজন করে মার্কিন রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’।
যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, শেষ পর্যন্ত জয় কার
অস্টিনে অভিবাসন অফিসারের গুলিতে গুরুতর আহত ভেনেজুয়েলার যুবক 
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে খাবার পৌঁছে দিতে গিয়ে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই-ICE) এক অফিসারের গুলিতে গুরুতর আহত হয়েছেন ভেনেজুয়েলার ২৮ বছর বয়সী এক যুবক।
অস্টিনে অভিবাসন অফিসারের গুলিতে গুরুতর আহত ভেনেজুয়েলার যুবক 
যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে।
যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল