ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল ১ হাজার একর বনাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলেস জাতীয় বনাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া বুকে দাবানল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। ‘বুকে’ নামের এই আগুনে অ্যাঞ্জেলেস জাতীয় বনাঞ্চলের (Angeles National Forest) ১ হাজার ৪৮ একর এলাকা পুড়ে গেছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল পর্যন্ত আগুনের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টা ১৯ মিনিটের দিকে সান্তা ক্লারিটার উত্তর-পূর্বে বুকে ক্যানিয়ন সড়ক ও কোয়ারি সড়কের কাছে আগুনের সূত্রপাত হয়। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১ হাজার একর এলাকা পুড়ে যায়।

আগুনের কারণে আশপাশের কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আকাশ ও স্থলপথে বিপুলসংখ্যক দমকলকর্মী কাজ করছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা শনিবার (৩ অক্টোবর) বুকে ক্যানিয়ন সড়কের আশপাশের কয়েকটি এলাকায় বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরদিনও আরও কয়েকটি এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা বহাল ছিল।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ৩ অক্টোবর এক বিবৃতিতে বলেন, বুকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষের সরিয়ে নেওয়ার নির্দেশ ও জরুরি নির্দেশনা মেনে চলতে হবে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল রয়েছে। সেখানে অবস্থান করলে মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য উত্তর লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক এলাকার ক্যাস্টেইক ক্রীড়া কমপ্লেক্সে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পর্যন্ত দাবানলের আশপাশের তিনটি এলাকায় বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ ছিল। আরও আটটি এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের সরিয়ে যেতে বেশি সময় লাগে এবং যাদের পোষা প্রাণী বা গবাদিপশু রয়েছে, তাদের এখনই নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত।

বুকে ক্যানিয়ন সড়কের স্পাঙ্কি ক্যানিয়ন সড়ক থেকে ভাসকেজ ক্যানিয়ন সড়ক পর্যন্ত অংশ বন্ধ রয়েছে। রোয়ার ফ্ল্যাট ও ড্রিংকওয়াটার এলাকায় যানবাহন নিয়ে বিনোদনের স্থানও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

দাবানলটি অপেক্ষাকৃত দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে খুব বেশি স্থাপনা হুমকির মুখে পড়েনি। তবে আগুন নিয়ন্ত্রণের রেখা আরও শক্তিশালী করা এবং আশপাশের জনবসতি রক্ষায় দমকলকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে পারে। কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে আশপাশের শুকনো গাছপালা ও জ্বালানি আরও উত্তপ্ত ও শুষ্ক হয়ে উঠছে।

আগুনের কারণ এখনো তদন্তাধীন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মধ্যেই এই দাবানলের সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্তত ৮ অক্টোবর পর্যন্ত এই তাপপ্রবাহ চলতে পারে।

লস অ্যাঞ্জেলেস কার্যালয় লস অ্যাঞ্জেলেস, ভেনচুরা ও সান্তা বারবারা কাউন্টির বিস্তীর্ণ এলাকায় চরম তাপমাত্রার সতর্কতা ও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৯২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে। উপত্যকা ও পাহাড়ি এলাকায় বড় আকারের দ্রুতগতির দাবানলের ঝুঁকিও বেড়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকবে। দীর্ঘস্থায়ী গরমের কারণে তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ার পাশাপাশি দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান করা, বাইরে কম সময় কাটানো এবং অতিরিক্ত গরমে অসুস্থতার লক্ষণ দেখা দিলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বড় একটি অংশও স্বাভাবিকের তুলনায় বেশি গরম ও শুষ্ক রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে এর আগে আবহাওয়াবিদেরা জানিয়েছিলেন, পশ্চিম যুক্তরাষ্ট্রের ওপর উচ্চচাপ বলয় অক্টোবরজুড়ে গরম ও শুষ্ক আবহাওয়া ধরে রাখতে পারে। এতে অঞ্চলটির বিভিন্ন অংশে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।

সূত্র: ইউএসএ টুডে

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের সমঝোতা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের (খ্রিস্টান ধর্মীয় আচার পরিচালনাকারী) বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ...
যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের সমঝোতা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তার দল রিপাবলিকান পার্টি। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ফ্লোরিডায় ভোট দেওয়ার পর জর্জিয়া অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু নিজ দলের প্রার্থীদেরই ভোট দিয়েছেন। ভোটারদের কাছে দুর্নীতি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন জেলা ও শহরগুলোতেই দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, প্রকৃত দুর্নীতির দিকে নজর দেওয়া উচিত, এটি ডেমোক্র্যাটদের দুর্নীতি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসা ট্রাম্প শনিবারও নির্বাচনে কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তবে তার এ অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। ওয়েস্ট পাম বিচে পাম বিচ কাউন্টির নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ট্রাম্প বলেন, আমি ২০১৬ সালে নির্বাচনে লড়েছি এবং জিতেছি। ২০২০ সালেও জিতেছিলাম, কিন্তু ফলাফল সেভাবে আসেনি। ওই নির্বাচনে কারচুপি হয়েছিল, কিন্তু আমি লাখ লাখ ভোটের ব্যবধানে জিতেছিলাম। মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। সাধারণত হোয়াইট হাউসের বাইরে থাকা দলের পক্ষে ফল যাওয়ার প্রবণতা থাকায় নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন জনমত জরিপে দলটির প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর ও সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে ৮০ বছর বয়সী ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরে আইন প্রণয়ন ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বড় বাধার মুখে পড়তে পারেন। এ ছাড়া ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে একাধিক তদন্ত শুরু হতে পারে। সুত্র: এএফপি। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণ, আহত ১২ 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণ, আহত ১২ 
আরও পড়ুন
বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের সমঝোতা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প