
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১ নভেম্বর থেকে তিনি নিয়মিত অবদানকারী (contributor) হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষণ ও মন্তব্য করবেন।
ফক্স নিউজের এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান ও প্ল্যাটফর্মে নিজের মতামত তুলে ধরবেন লেভিট। হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দর্শকদের সামনে রাজনৈতিক নানা বিষয়ে মন্তব্য করবেন তিনি।
লেভিট বলেন, হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে কাজের অভিজ্ঞতা থেকে পাওয়া নিজস্ব দৃষ্টিভঙ্গি ফক্স নিউজের লাখো দর্শকের সামনে তুলে ধরতে তিনি আগ্রহী। দায়িত্ব পালনের সময় যে উদ্যম ও স্পষ্টবাদিতা ছিল, সেটিও ধরে রাখতে চান তিনি।
ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট বলেন, হোয়াইট হাউস ও প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় লেভিটের সরাসরি কাজের অভিজ্ঞতা রয়েছে। এ কারণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বোঝার ক্ষেত্রে তার আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে।
২৯ বছর বয়সী লেভিট গত আগস্টের শেষ দিকে ট্রাম্প প্রশাসন ছাড়েন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের প্রথম দিন থেকেই তিনি হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাতেও কাজ করেন তিনি।
দায়িত্ব ছাড়ার সময় লেভিট জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের জন্মের পর সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। এ কারণেই তিনি ব্যস্ত প্রেস সচিবের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রেস সচিবের দায়িত্ব ছাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই রয়েছেন লেভিট।
হোয়াইট হাউসের প্রেস সচিবদের টেলিভিশন সংবাদমাধ্যমে যোগ দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সচিব জেন সাকি বর্তমানে এমএস নাও-তে নিজের অনুষ্ঠান করেন। ট্রাম্পের সাবেক প্রেস সচিব কেইলি ম্যাকেনানি ফক্স নিউজের উপস্থাপক হন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রেস সচিব ডানা পেরিনোও ফক্স নিউজের ভাষ্যকার ও উপস্থাপক হিসেবে কাজ করছেন।
অন্যদিকে, টনি স্নো আগে ফক্স নিউজ সানডে অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। পরে ২০০৬ সালে বুশ প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব নেন।
এদিকে, লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ


