
বিশ্বে মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে বেশি বেশি সন্তান জন্ম দিয়ে গির্জার শিক্ষায় খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। খ্রিস্টানদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই বার্তা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ইতোমধ্যে।
শনিবার (২১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত বৃহস্পতিবার এক পোস্টে লেভিট লিখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টটির সঙ্গে ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট যুক্ত করে দেন তিনি। সেখানে লেখা ছিল, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।’
লেভিটের পোস্টে খ্রিস্টানদের জন্য বিয়ে, পারিবারিক জীবন ও ধর্মের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পোস্টটি ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পারিবারিক মূল্যবোধ ও ধর্মের ওপর তার গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সমর্থন করলেও অন্যরা সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের আহ্বান জানানো উচিত কি না।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের দেখাশোনার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টিও তুলে ধরেছেন অনেকে। তাদের কেউ কেউ বলেছেন, বড় হওয়ার পর সন্তানদের নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত।
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান সহজ— পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে পশ্চিমা দেশগুলো নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’
আরেকজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের পরিচর্যা কেন্দ্র, জীবনধারণের উপযোগী মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বলেন, বেশি সন্তান নিন। এরপর তারা অবাক হন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না।’
তৃতীয় একজন মন্তব্য করেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’
আরটিভি/এসএইচএম


