
যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ, সম্পদ ও প্রভাব কাজে লাগিয়ে নারীদের প্রলুব্ধ করে মাদক খাইয়ে যৌন নির্যাতন করতেন তারা। এ ঘটনায় ৭০ জনেরও বেশি নারী নির্যাতনের অভিযোগ সামনে এনেছেন।
ভুক্তভোগীদের যৌন পাচার ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া দুই যমজ ভাই অরেন ও অ্যালন আলেকজান্ডার এবং তাদের ভাই তাল আলেকজান্ডারের বিরুদ্ধে বুধবার (১৪ অক্টোবর) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। চলতি বছরের এপ্রিলে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে জমা দেওয়া সাজাসংক্রান্ত আবেদনে বলেন, তিন ভাইয়ের অপরাধের মাত্রা ছিল ভয়াবহ। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা নারীদের বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেখিয়ে কাছে টানতেন, এরপর মাদক খাইয়ে তাদের বাধা দেওয়ার ক্ষমতা কমিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন।
আদালতে তিন ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, যৌন পাচার, যৌন নির্যাতন ও যৌন শোষণের ষড়যন্ত্রসহ মোট ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার রায় দেওয়া হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। বিচার চলাকালে ১১ জন অভিযোগকারী তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
আদালতে এক নারী সাক্ষ্য দেন, নিউইয়র্কের একটি নৈশক্লাবে সময় কাটানোর পর অ্যালন আলেকজান্ডার তাকে মাদক খাইয়ে ধর্ষণ করেন বলে তার অভিযোগ। ওই নারী জানান, একটি পানীয় পান করার পর তার শরীর দুলতে শুরু করে।
পরে তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে বিছানায় নগ্ন অবস্থায় দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, অ্যালনও তখন পোশাকহীন অবস্থায় তার সামনে দাঁড়িয়ে ছিলেন। তিনি কয়েকবার বিছানা থেকে ওঠার চেষ্টা করলে অ্যালন তাকে আবার নিচে ঠেলে দেন বলে আদালতে জানান ওই নারী।
ওই নারীর সাক্ষ্য অনুযায়ী, পরে তিনি উঠে দাঁড়িয়ে অ্যালনকে বলেন, তিনি তার সঙ্গে যৌন সম্পর্কে যেতে চান না। তখন অ্যালন তাকে বলেন, ‘তুমি তো এরই মধ্যে তা করেছ।’
অরেন ও তাল আলেকজান্ডার বিলাসবহুল আবাসন কেনাবেচার জগতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, তারা নিজেদের সম্পদ ও প্রভাব ব্যবহার করে নারীদের যৌন কর্মকাণ্ডে বাধ্য করতেন।
বুধবার (১৪ অক্টোবর) আদালতে জমা দেওয়া আবেদনে রাষ্ট্রপক্ষ জানায়, ৭০ জনেরও বেশি নারী তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এসব ঘটনার মাধ্যমে নারীদের মর্যাদা ও নিজের শরীরের ওপর সিদ্ধান্ত নেওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন আইনজীবীরা।
তবে মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে জমা দেওয়া আবেদনে তিন ভাইয়ের আইনজীবীরা তাদের নির্দোষ বলে দাবি করেন। তারা জানান, সাজা ঘোষণার সময় প্রত্যেক ভাইয়ের জন্য ১৫ বছরের কারাদণ্ড চাওয়া হবে। তাদের মতে, যেসব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার কয়েকটির ক্ষেত্রে ১৫ বছরই সর্বনিম্ন সাজা।
আসামিপক্ষের আইনজীবীরা আরও বলেন, নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিন ভাই একে ওপরের সঙ্গে এবং অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতেন। অভিযোগ ওঠার আগের কয়েক বছরে তাদের আচরণ কখনো কখনো কিছু নারীর অনুভূতির প্রতি অসংবেদনশীল ছিল। তবে তারা জোর দিয়ে বলেছেন, তিন ভাইয়ের কেউই কাউকে ধর্ষণ বা যৌন নির্যাতন করেননি।
আগামী ২৭ অক্টোবর তিন ভাইয়ের সাজা ঘোষণা করা হবে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


