ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাসকারী বা কর্মরত যোগ্য ব্যক্তিরা বিনা খরচে ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন। শহরের এনওয়াইসি ফ্রি ট্যাক্স প্রেপ কর্মসূচিতে আইআরএস-সার্টিফায়েড স্বেচ্ছাসেবকেরা এ সেবা দেন। বাংলাদেশিরাও নির্ধারিত শর্ত পূরণ করে সুবিধাটি নিতে পারবেন।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজ্যুমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের (ডিসিডব্লিউপি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আয়ের ওপর ২০২৬ সালে রিটার্ন ফাইলের ক্ষেত্রে যোগ্য সন্তান বা নির্ভরশীল ব্যক্তি থাকলে বার্ষিক আয় সর্বোচ্চ ৯৭ হাজার ডলার হতে হবে। তাদের না থাকলে একক ব্যক্তি বা বিবাহিত দম্পতির আয়সীমা ৬৮ হাজার ডলার।

রিটার্ন জমার সাধারণ সময়সীমা ছিল ১৫ এপ্রিল ২০২৬। তবে সময়সীমা পেরিয়ে গেলেও কিছু সাইটে বিনা খরচে ট্যাক্স ফাইল ও পরামর্শ নেওয়া যায়। ২০২৬ সালের ট্যাক্স মৌসুমে নিউইয়র্কের পাঁচ বরোতে ১৪০টির বেশি ভলান্টিয়ার ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্স (ভিটা) ও ট্যাক্স কাউন্সেলিং ফর দ্য এলডারলি (টিসিই) সাইটে এ সেবা দেওয়া হয়েছে। কাছের চালু সাইট ও অ্যাপয়েন্টমেন্টের তথ্য জানতে ৩১১ নম্বরে ফোন করে ট্যাক্স প্রিপারেশন সহায়তা চাওয়া যায়।

বাংলায় সহায়তা প্রয়োজন হলে আগে থেকেই ভাষাসেবার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সব সাইটে বাংলাভাষী কর্মী না থাকলেও এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের অংশগ্রহণকারী সাইটে প্রয়োজন অনুযায়ী ফোন দোভাষীর ব্যবস্থা রয়েছে।

সেবা নিতে ফটো আইডি, সোশ্যাল সিকিউরিটি কার্ড বা আইটিআইএনসংক্রান্ত নথি, ডব্লিউ-২ ও প্রযোজ্য ১০৯৯ ফরম, আগের বছরের ট্যাক্স রিটার্ন এবং ব্যাংকে রিফান্ড নেওয়ার জন্য রাউটিং ও অ্যাকাউন্ট নম্বর সঙ্গে রাখতে হবে। সশরীরে, ড্রপ-অফ বা ভার্চুয়াল পদ্ধতিতে কিছু সাইটে সেবা পাওয়া যায়।

এ কর্মসূচিতে যোগ্যতা অনুযায়ী আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও চাইল্ড কেয়ার ট্যাক্স ক্রেডিট দাবি করতেও সহায়তা করা হয়। তবে বিনা খরচে রিটার্ন ফাইল করলেই রিফান্ড নিশ্চিত নয়। ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসার মালিকদের এমন সাইট বেছে নিতে হবে, যেখানে স্বনিয়োজিত ব্যক্তিদের ট্যাক্স রিটার্ন তৈরির সুবিধা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
দূরপাল্লার যাত্রায় উড়োজাহাজ আর স্বল্প দূরত্বে গাড়ি এটাই এত দিন ছিল যাতায়াতের প্রচলিত চিত্র। তবে এবার মাঝারি দূরত্বের যাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ। রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এমনই একটি উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজটির নাম ‘ইএল৯ আল্ট্রা শর্ট’। এর বিশেষত্ব হলো, প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিংয়ের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি ওঠানামা করতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে উড়োজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনার নানা দিক। ইলেকট্রার তৈরি এই উড়োজাহাজে রয়েছে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর। এতে একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহন করা সম্ভব। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে পারে। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উড়োজাহাজের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। অন্যদিকে হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। শব্দদূষণও হবে তুলনামূলক কম। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর সক্ষমতাও রয়েছে এর। উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে চালু হলে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। যাত্রীদের আর বড় বিমানবন্দরে যেতে হবে না কিংবা দীর্ঘ যানজটে সময় নষ্ট করতে হবে না। ছোট পরিসরের অবকাঠামো ব্যবহার করেই যাত্রী ওঠানামা করানো সম্ভব হবে। গত বছরের অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামার পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। ইলেকট্রার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে যেতে উড়োজাহাজটিতে সময় লাগতে পারে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে। ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন প্রতিষ্ঠান উড়োজাহাজটির ২ হাজার ২০০টির বেশি ইউনিটের আগাম অর্ডার দিয়েছে বলে দাবি করেছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীদের জন্য এটি চালু হতে পারে। শুধু বেসামরিক পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় রসদ পরিবহনের পাশাপাশি মাটিতে অবস্থান করেও এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, জেনারেটর হিসেবে ব্যবহার করলে একটি উড়োজাহাজ দিয়ে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টিও। প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে আপাতত ব্যক্তিগত ব্যবহারের চেয়ে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবহনেই এর ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিএনএন আরটিভি/এসকে
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বড় ধরনের বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। রোববার (১৫ নভেম্বর) দেশটিতে ৮ হাজার ৮০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। একই দিনে বাতিল করা হয়েছে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরব তাকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
আরও পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
শীতের জ্বালানি বিলে মিলবে ১ হাজার ৮৬ ডলার, আবেদন শুরু