
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। আগামী সপ্তাহে ইসরায়েলের সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (১৯ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে সফর ও বৈঠকের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
বৈঠক সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হেগসেথ এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্বে থাকা নেতানিয়াহুর মধ্যে এ আলোচনা হয়। তবে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন
ইসরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আগামী সপ্তাহের সংসদ নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর এটিই দেশটির প্রথম সংসদ নির্বাচন। ওই হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্ক রয়েছে।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি নিজের ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ রয়েছে বলে জানান তিনি। ট্রাম্প লেখেন, ‘বিবি নেতানিয়াহু কখনও আপনাদের হতাশ করবেন না।’
তবে জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর ধর্মীয় ও জাতীয়তাবাদী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। যদিও বিরোধী দলগুলোর পক্ষেও নতুন সরকার গঠন করা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে সমর্থন দিতে নারাজ ভ্যান্স
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার বিষয়ে সরাসরি অবস্থান নিতে চাননি। সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম টু-ওয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ইসরায়েলের নির্বাচনে জড়াতে চান না।
ভ্যান্স বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন করেন এবং তার মনোযোগ আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে। এ সময় তিনি স্পষ্ট করেন, নেতানিয়াহুর বিরোধিতা করছেন না, আবার তাকে সমর্থনও দিচ্ছেন না।
এর আগে চলতি বছরের এপ্রিলে হাঙ্গেরির নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন জানিয়েছিলেন ভ্যান্স। তবে ইসরায়েলের নির্বাচন নিয়ে তিনি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ


