
রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড। এ জন্য দেশটি ১০ কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা করছে। রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউক্রেনের সমর্থক দেশগুলোর বিরুদ্ধে কথিত বিভিন্ন ধরনের পরোক্ষ যুদ্ধের আশঙ্কার মধ্যে এ উদ্যোগ নিয়েছে হেলসিঙ্কি।
ফিনল্যান্ডের সেনাবাহিনীর কমান্ডের কর্নেল রিকু মিকোনেন দেশটির জাতীয় সংবাদ সংস্থা এসটিটিকে জানিয়েছেন, স্থলমাইন কেনার বিষয়ে সরবরাহকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিনল্যান্ডের পরিকল্পনা অনুযায়ী, দেশটির নিজস্ব প্রতিষ্ঠানগুলোতে এসব স্থলমাইন তৈরি করা হবে। ২০২৭ সালের শেষ নাগাদ এ বিষয়ে চুক্তি সই এবং ২০২৮ সালের মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে। মিকোনেন জানান, ফিনল্যান্ডের প্রায় ছয়টি প্রতিষ্ঠান এ ধরনের স্থলমাইন তৈরির যোগ্যতা রাখে।
তিনি বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোতে স্থলমাইন তৈরি করা হলে বিভিন্ন দিক থেকে সুবিধা হবে। তবে প্রয়োজনে বিদেশ থেকেও এসব মাইন কেনার বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হয়নি।
স্থলমাইন কেনার এ পরিকল্পনার পেছনে রয়েছে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ফিনল্যান্ড। দেশটির অভিযোগ, রাশিয়ার দিক থেকে অভিবাসীদের সীমান্ত পেরিয়ে পাঠানো হচ্ছে।
২০২৫ সালের এপ্রিলে ফিনল্যান্ড স্থলমাইন নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। দেশটির দাবি, অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে চুক্তিটির বাধ্যবাধকতা থেকে মুক্ত হয় দেশটি।
২০১২ সালে স্থলমাইন নিষিদ্ধকরণবিষয়ক অটোয়া চুক্তিতে যোগ দিয়েছিল ফিনল্যান্ড। এ মানবিক চুক্তির লক্ষ্য ছিল মানুষবিধ্বংসী স্থলমাইনের ব্যবহার বন্ধ করা এবং মজুত থাকা এসব মাইন ধ্বংস করা।
ফিনল্যান্ডের পাশাপাশি রাশিয়ার প্রতিবেশী এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডও চুক্তিটি থেকে সরে গেছে। দেশগুলো রাশিয়ার সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয়। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো রাশিয়াকে দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত থাকায় রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন। সোমবার (১৯ অক্টোবর) তিনি বলেন, রাশিয়া যত দিন ইউক্রেনে আগ্রাসন চালাবে, তত দিন দেশটির নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া উচিত নয়।
ভালতোনেনের দাবি, ২০২৫ সালে শেনজেনভুক্ত দেশগুলো রুশ নাগরিকদের প্রায় পাঁচ লাখ পর্যটন ভিসা দিয়েছে। ২০২২ সাল থেকেই ফিনল্যান্ড রুশ নাগরিকদের এ ধরনের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ


