ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর করুণ মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২০২২ সালে পণ্যবাহী ট্রাকের ভেতরে আটকে ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনার পর উদ্ধার কাজের চিত্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ২০২২ সালে অভিবাসী পাচারের ঘটনায় ৫৩ জনের মৃত্যুর ঘটনায় এক গুয়াতেমালার নাগরিককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ রায় দেওয়া হয়। ৩৯ বছর বয়সী রিগোবার্তো রোমান মিরান্ডা-ওরোজকোকে ওই ঘটনায় জড়িত থাকার দায়ে এই সাজা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের অন্যতম ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি। মিরান্ডা-ওরোজকো স্বীকার করেছেন, এই ঘটনায় মারা যাওয়া দুজন এবং গুরুতর আহত একজনের যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে তিনি ভূমিকা রেখেছিলেন।

২০২২ সালের জুনে মেক্সিকো সীমান্তের শহর লারেডো থেকে টেক্সাসের সান আন্তোনিও যাওয়ার পথে একটি পণ্যবাহী ট্রাকের আবদ্ধ পেছনের অংশে অভিবাসীদের নেওয়া হচ্ছিল। প্রায় তিন ঘণ্টার ওই যাত্রায় প্রচণ্ড গরমের মধ্যে ট্রাকটির শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বিকল হয়ে যায়। ফলে ভেতরে থাকা মানুষজন ঠান্ডা বাতাস পাননি।

পরে সান আন্তোনিওর একটি নির্জন সড়কের পাশে পরিত্যক্ত ট্রাকটি পাওয়া যায়। সেটির ভেতর থেকে ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে পাঁচজন মারা যান। সব মিলিয়ে প্রাণ হারান ৫৩ জন।

যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবীরা জানান, ট্রাকের ভেতরে আটকে পড়া অভিবাসীরা গরম থেকে বাঁচতে নিজেদের পোশাক খুলে ফেলেছিলেন। ট্রাকের দেয়ালে পাওয়া যায় বাইরে বের হওয়ার জন্য আঁচড় কাটার চিহ্নও। যুক্তরাষ্ট্রের আইনজীবী জাস্টিন সিমন্স বলেন, জীবনের শেষ কয়েক ঘণ্টায় তাদের ভয়াবহ কষ্ট সহ্য করতে হয়েছিল। নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জন ছিলেন গুয়াতেমালার নাগরিক।

মিরান্ডা-ওরোজকোকে ২০২৪ সালে গুয়াতেমালায় গ্রেপ্তার করা হয়। পরের বছর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। চলতি বছরের জুলাইয়ে তিনি অভিবাসী পাচারের ষড়যন্ত্র, পাচারের ঘটনায় মৃত্যুর জন্য সহায়তা এবং গুরুতর আহত হওয়ার ঘটনায় সহায়তা করার অভিযোগ স্বীকার করেন। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক অরল্যান্ডো গার্সিয়া তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন।

যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার আইনজীবীরা বলেছেন, এই রায় ভয়াবহ ওই ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালায় প্রায় ২০ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রে পাচারকারী চক্রের নেতা হিসেবে পরিচিত ফেলিপে ওরদুনা-তোরেসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার প্রধান সহযোগী আরমান্দো গনজালেস-ওর্তেগার ৮৩ বছরের কারাদণ্ড হয়। ট্রাকটির চালকসহ আরও কয়েকজনের সাজা ঘোষণার অপেক্ষা রয়েছে।

মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় গত কয়েক দশকে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। ২০১৭ সালে সান আন্তোনিওর একটি বিপণিবিতানের পাশে রাখা ট্রাকে আটকে পড়ে ১০ জন অভিবাসীর মৃত্যু হয়। ২০০৩ সালেও সান আন্তোনিওর দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড গরমে একটি ট্রাকের ভেতর থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।


সূত্র: সিএনএন

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন না এবং মৃত্যুর পর স্বর্গে যেতে চান। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের ‘ষাট মিনিট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। তবে বিবিসির বিরুদ্ধে আনা অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারক। বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ এ আদেশ দেন।  আদেশে বিচারক জানান, বিবিসির সম্পাদিত (এডিটেড) ভিডিওর কারণে ট্রাম্পের সুনাম ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পাশাপাশি ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের বিষয়টি সংবাদমাধ্যমটির জানা ছিল কিংবা তাদের তা জানা উচিত ছিল—ট্রাম্পের এমন অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি আদালত। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের একটি ভিডিও প্রচারকে কেন্দ্র করে মামলাটি করা হয়। ট্রাম্পের দাবি, ভাষণের দুটি পৃথক অংশ জুড়ে দিয়ে বিবিসি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেনো ধারণা তৈরি হয় তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। অথচ ভিডিওতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানানো তার বক্তব্যের একটি অংশ বাদ দেওয়া হয়। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’য় ভিডিওটি প্রচারিত হয়েছিল। ওই নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এদিকে আদালতের আদেশকে নিজের জন্য ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। অন্যদিকে, আদালতের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বিবিসি। তবে বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে মামলায় নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ভিডিও সম্পাদনায় বিভ্রান্তিকর উপস্থাপনার বিষয়টি স্বীকার করে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি। তবে মানহানির অভিযোগ মেনে নেয়নি সংবাদমাধ্যমটি। গেল বছরের ডিসেম্বরে ফ্লোরিডার আদালতে দায়ের করা মামলায় অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন ট্রাম্প। আরটিভি/এসআর
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
শীতের জ্বালানি বিলে মিলবে ১ হাজার ৮৬ ডলার, আবেদন শুরু 
শীত মৌসুমে বাড়ি গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার আবেদন শুরু হয়েছে।
শীতের জ্বালানি বিলে মিলবে ১ হাজার ৮৬ ডলার, আবেদন শুরু 
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে স্ত্রীকে হত্যার অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
আরও পড়ুন
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩