ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দীর্ঘ অপেক্ষার অবসান, যাত্রী পরিবহনের অনুমোদন পেল বোয়িংয়ের নতুন উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সবচেয়ে বড় ৭৩৭ ম্যাক্স মডেল, ম্যাক্স ১০।  ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার পর যাত্রী পরিবহনের অনুমোদন পেয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সবচেয়ে বড় ৭৩৭ ম্যাক্স মডেল, ম্যাক্স ১০।

মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন উড়োজাহাজটিকে যাত্রী পরিবহনের অনুমোদন দেয়। এর ফলে উড়োজাহাজটি বিক্রি ও সরবরাহের পথে বড় বাধা দূর হলো। তবে গ্রাহক বিমান সংস্থাগুলোর কাছে উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০২৭ সালে।

বোয়িংয়ের জন্য এই অনুমোদন গুরুত্বপূর্ণ মাইলফলক। কয়েক বছর ধরে নিরাপত্তা, নির্মাণের মান ও উৎপাদনসংক্রান্ত নানা সমস্যায় প্রতিষ্ঠানটির সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন উড়োজাহাজটির অনুমোদন সেই ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টায় নতুন গতি আনতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ওয়াশিংটনের এভারেট শহরে বোয়িংয়ের উৎপাদনকেন্দ্র পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ব্যাপক নিরাপত্তা পর্যালোচনা এবং হাজার হাজার ঘণ্টার পরীক্ষামূলক উড্ডয়নের পর উড়োজাহাজটি অনুমোদন পেয়েছে। তার মতে, এটি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণশিল্পের জন্য বড় অর্জন।

বোয়িং বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ বলেন, এই অনুমোদনের ফলে এমন একটি উড়োজাহাজ সরবরাহের পথ খুলেছে, যা বাণিজ্যিক বিমান চলাচলে নতুন মান তৈরি করবে। তার ভাষায়, দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে এ অনুমোদন প্রতিষ্ঠানটির পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

এক উড়োজাহাজে বেশি যাত্রী

বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ম্যাক্স ১০-এ সাধারণত ১৮৫ থেকে ২১০ জন যাত্রী বসতে পারবেন। তুলনায় ম্যাক্স ৯-এ ১৭৫ থেকে ১৯৫ জন এবং ম্যাক্স ৮-এ ১৬০ থেকে ১৮০ জন যাত্রী বহন করা যায়।

বড় উড়োজাহাজ হওয়ায় একই ফ্লাইটে বেশি যাত্রী পরিবহন করতে পারবে বিমান সংস্থাগুলো। এতে প্রতিটি আসনের বিপরীতে পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে। জনপ্রিয় রুটগুলোতে আসনসংখ্যাও বাড়তে পারে। তবে যাত্রীদের টিকিটের দাম কমবে কি না, তা নির্ভর করবে বিমান সংস্থাগুলোর উড়োজাহাজ ব্যবহারের ধরন ও বাজারে প্রতিযোগিতার ওপর।

বিলম্বে আটকে ছিল হাজারের বেশি উড়োজাহাজের সরবরাহ

২০১৭ সালে প্যারিসে এক আন্তর্জাতিক উড়োজাহাজ প্রদর্শনীতে ম্যাক্স ১০-এর ঘোষণা দেয় বোয়িং। ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মডেলটি তৈরি করা হয়। কিন্তু প্রযুক্তিগত জটিলতা ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন শর্তের কারণে এর অনুমোদন বারবার পিছিয়ে যায়।

বোয়িংয়ের কাছে এখনো বিশ্বের ৩০টির বেশি গ্রাহক প্রতিষ্ঠানের জন্য সরবরাহের অপেক্ষায় রয়েছে ১ হাজার ৫৫৫টি ম্যাক্স ১০ উড়োজাহাজ। প্রতিষ্ঠানটির ৭৩৭ ম্যাক্স মডেলের মোট বকেয়া ক্রয়াদেশের ৩০ শতাংশেরও বেশি এই উড়োজাহাজের। এর বড় গ্রাহকদের মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস ও রায়ানএয়ার। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনস ১০৫টি ম্যাক্স ১০ কেনার আদেশ দেয়। প্রয়োজনে আরও ৩৫টি কেনার সুযোগও রেখেছে প্রতিষ্ঠানটি।

দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে কঠোর নজরদারি

২০১৮ ও ২০১৯ সালে বোয়িংয়ের ছোট মডেল ম্যাক্স ৮-এর দুটি ভয়াবহ দুর্ঘটনায় ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় মোট ৩৪৬ জন নিহত হন। এসব দুর্ঘটনার পর বোয়িংয়ের নিরাপত্তাব্যবস্থা ও উড়োজাহাজ তৈরির মান নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে।

২০২৪ সালে আলাস্কা এয়ারলাইনসের একটি ম্যাক্স ৯ উড়োজাহাজ আকাশে থাকা অবস্থায় এর গায়ের একটি প্যানেল খুলে পড়ে। এতে প্রতিষ্ঠানটির উৎপাদন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

দুর্ঘটনাগুলোর পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন বোয়িংয়ের উড়োজাহাজ অনুমোদনের প্রক্রিয়া আরও কঠোর করে। তবে গত ১৮ মাসে প্রতিষ্ঠানটির ওপর আরোপিত কিছু বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করেছে সংস্থাটি। এর মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজ উৎপাদনের সীমা বাড়ানোও রয়েছে।

চলতি বছরের আগস্টে ম্যাক্স ৭ মডেলটিও বিমান সংস্থাগুলোর ব্যবহারের অনুমোদন পায়। ফলে ম্যাক্স ৭ ও ম্যাক্স ১০—দুটি মডেলের অনুমোদন একই বছরে পাওয়াকে বোয়িংয়ের ঘুরে দাঁড়ানোর সক্ষমতার প্রমাণ হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এয়ারবাসের সঙ্গে প্রতিযোগিতা

ম্যাক্স ১০-এর প্রধান প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের এ৩২১নিও মডেল। ২০১৭ সালে যাত্রী পরিবহন শুরু করা এই মডেল পরিবারের সবচেয়ে বড় উড়োজাহাজটি ম্যাক্স ১০-এর চেয়ে বেশি যাত্রী বহন করতে পারে এবং জ্বালানি না নিয়েও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।

তবে পুরোনো উড়োজাহাজের তুলনায় বেশি যাত্রী বহন এবং কম জ্বালানি খরচের লক্ষ্য নিয়ে ম্যাক্স ১০ তৈরি করেছে বোয়িং। জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলোর কাছে এই বৈশিষ্ট্য আকর্ষণীয় হতে পারে।

অনুমোদনের অর্থ, উড়োজাহাজটির নকশা নিরাপত্তার নির্ধারিত মান পূরণ করেছে। তবে বোয়িংকে নিশ্চিত করতে হবে, প্রতিটি উড়োজাহাজ অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি হচ্ছে। যাত্রী পরিবহনের আগে প্রতিটি উড়োজাহাজকেও আলাদাভাবে ছাড়পত্র নিতে হবে।

এছাড়া জুলাইয়ে ফেডারেল এভিয়েশন প্রশাসন বোয়িংকে উৎপাদনকেন্দ্রেই ম্যাক্স ৭৩৭ ও ৭৮৭ উড়োজাহাজের উড্ডয়নযোগ্যতার সনদ দেওয়ার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা জানায়। এতে তৈরি হওয়া উড়োজাহাজ উড্ডয়নের উপযোগী কি না, তা নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আবারও কিছু দায়িত্ব ফিরে পেয়েছে।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস।
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও অর্থসংকটের কারণে যুক্তরাষ্ট্রে এক বছরে ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়ে গেছে।
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) নারী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
আরও পড়ুন
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ