ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চিড়িয়াখানায় যাওয়ার পথে গুলিতে প্রাণ গেল ১৭ বছরের কিশোরীর, গ্রেপ্তার দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম
নিহত কিশোরী অ্যালিসা উইলসন (১৭)। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে চিড়িয়াখানায় হ্যালোইন উৎসবে যাওয়ার পথে গুলিতে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কিশোরীর সঙ্গে অভিযুক্তদের কোনো পরিচয় বা যোগসূত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ।

নিহত কিশোরীর নাম অ্যালিসা উইলসন। এ ঘটনায় উইলি হার্নডন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যাকাণ্ড ও অস্ত্র ব্যবহার করে অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী বলে পরিচিত তাইয়া হার্নডনের বিরুদ্ধে অপরাধীকে গ্রেপ্তার এড়াতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস কাউন্টির সরকারি আইনজীবী মেলিসা প্রাইস স্মিথ।

পুলিশ জানায়, গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সেন্ট লুইস শহরের উত্তর-পশ্চিমে ওভারল্যান্ড এলাকায় একটি মহাসড়ক দিয়ে দক্ষিণ দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল অ্যালিসা। তার গন্তব্য ছিল সেন্ট লুইস চিড়িয়াখানা। সেখানে হ্যালোইন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান দেখতে যাচ্ছিল সে।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের গাড়ি অতিক্রম করার পরই গুলির শব্দ শোনা যায়। নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ওই গাড়ি থেকে একজন নেমে কিছুক্ষণ বাইরে অবস্থান করেন। এরপর গুলি চালিয়ে আবার গাড়িতে উঠে যান তিনি। পরে গাড়িটির বিপৎসংকেত বাতি বন্ধ করে সেখান থেকে চলে যান।

গুলিটি অ্যালিসার চালানো লাল রঙের গাড়ির পেছনের অংশ ভেদ করে। কিছুক্ষণ পর গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা অ্যালিসাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে সেন্ট লুইসের বার্নস-জিউইশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তদন্তকারীরা জানান, অ্যালিসার সঙ্গে অভিযুক্ত দম্পতির কোনো সম্পর্ক ছিল না। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত অ্যালিসার বাবা রবার্ট হিকম্যান সংবাদ সম্মেলনে মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ১৮ বছর পূর্ণ হতে অ্যালিসার তখনো ৬০ দিন বাকি ছিল। মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল।

হিকম্যান বলেন, অ্যালিসা নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী ছিল। পরিবারের সবাই মিলে প্রথমবারের মতো ছুটি কাটাতে ডিজনিতে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন তারা। সেখানে অ্যালিসার প্রিয় চরিত্র রাজকুমারী টিয়ানার সঙ্গে সম্পর্কিত আকর্ষণ উপভোগ করার কথা ছিল। কিন্তু নির্মম এই ঘটনায় তাদের সব পরিকল্পনা শেষ হয়ে গেছে।

তিনি ঘটনাটিকে অর্থহীন সহিংসতা বলে আখ্যা দেন।

পুলিশ জানায়, নজরদারি ক্যামেরার ফুটেজ এবং স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের গাড়ির সন্ধান পাওয়া যায়। গাড়িটির নিবন্ধন অন্য অঙ্গরাজ্যের হওয়ায় তদন্তকারীরা সেটিকে অনুসরণ করতে শুরু করেন।

একপর্যায়ে ইলিনয় অঙ্গরাজ্যের কেসিভিল এলাকার একটি হোটেলে গাড়িটির সন্ধান মেলে। দীর্ঘ সময় নজরদারির পর গত শুক্রবার (১৬ অক্টোবর) হোটেল থেকে বের হওয়ার সময় উইলি ও তাইয়া হার্নডনকে আটক করা হয়।

ইলিনয়ে আদালতের অনুমতি নিয়ে চালানো তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্রসহ অপরাধের সঙ্গে সম্পর্কিত কিছু আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা একটি গুলির খোসাও পরীক্ষা করা হচ্ছে।

তদন্তকারীরা জানান, জিজ্ঞাসাবাদে উইলি হার্নডন ঘটনায় নিজের সম্পৃক্ততা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন। এছাড়া অন্য কিছু এলাকায় সংঘটিত অপরাধের সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়েও তথ্য পাওয়া গেছে। সেসব ঘটনার তদন্ত চলছে।

উইলি হার্নডনের জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ডলার এবং তাইয়া হার্নডনের ক্ষেত্রে ৫ লাখ ডলার। পুরো অর্থ জমা না দিলে তাদের জামিনে মুক্তি পাওয়ার সুযোগ নেই। বর্তমানে তারা ইলিনয়ে আটক রয়েছেন। মিসৌরি অঙ্গরাজ্যে নিয়ে গিয়ে তাদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।

তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা, মাদক ও আগ্নেয়াস্ত্রবিষয়ক কেন্দ্রীয় সংস্থা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার সেন্ট লুইস কার্যালয়ের সহকারী বিশেষ এজেন্ট ডেভ হের জানান, বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টায় ৩৬ ঘণ্টার মধ্যেই মামলাটির রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

তবে অ্যালিসাকে হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানাতে রাজি হননি কর্মকর্তারা।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস।
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও অর্থসংকটের কারণে যুক্তরাষ্ট্রে এক বছরে ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়ে গেছে।
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) নারী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
আরও পড়ুন
দরিদ্র পরিবারের কিশোরীকে অন্তঃসত্ত্বা করে পালালেন আদম ব্যবসায়ী
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ