ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

রাসায়নিক গ্যাসে ঢেকে গেল শহর, আতঙ্কে ঘরছাড়া হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার দৃশ্য।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি প্রতিষ্ঠানের রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষাক্ত কুয়াশার মতো ঘন আস্তরণে ঢেকে যায় শহরের একটি এলাকা। চোখ জ্বালা, গলাব্যথা ও মাথাব্যথার মতো উপসর্গের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে প্রায় এক হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কয়েকজন বাসিন্দাকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে টলেডোর মেয়র ওয়েড কাপসুকিউইচ জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শহরের উত্তরাঞ্চলে অবস্থিত এমসি ট্যাংক ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানে গ্লাইকল মেথাক্রিলেট নামের শিল্পকারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন জরুরি সেবাকর্মী আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার আঘাত গুরুতর নয় বলে ধারণা করছেন কর্মকর্তারা।

কী কারণে রাসায়নিক পদার্থটি ছড়িয়ে পড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কোনো বিস্ফোরণ ছিল না।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার নির্দেশের আওতা কমিয়ে আনে। শুরুতে কারখানার এক মাইলের মধ্যে থাকা প্রায় এক হাজার বাসিন্দা এই নির্দেশের আওতায় ছিলেন। পরে তা কমিয়ে কারখানার আধা মাইলের মধ্যে সীমাবদ্ধ করা হয়। একই সঙ্গে তিন মাইল এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশও তুলে নেওয়া হয়।

টলেডো নগর কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বিভাগের বিপজ্জনক পদার্থ মোকাবিলা দলের সদস্যরা কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ, রাসায়নিকের প্রভাব কমানো এবং পরবর্তী করণীয় নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রতিষ্ঠানটির এক কর্মী মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জরুরি সেবা নম্বরে ফোন করে রাসায়নিক ছড়িয়ে পড়ার খবর দেন। এমসি ট্যাংক ট্রান্সপোর্ট জানিয়েছে, তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত কিছু সরঞ্জাম এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, প্রায় দুই লাখ ৬৫ হাজার মানুষের শহর টলেডোর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ও ধোঁয়াটে আস্তরণের কারণে দৃশ্যমানতা (দৃষ্টিগোচরতা) কমে যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাতাসে প্লাস্টিকের মতো গন্ধও পাওয়া যাচ্ছিল।

মেয়র কাপসুকিউইচ বলেন, ছড়িয়ে পড়া রাসায়নিকের কারণে বাতাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আশপাশের বাসিন্দাদের মধ্যে অস্বাভাবিক গন্ধ পাওয়া, চোখ দিয়ে পানি পড়া কিংবা অস্বস্তি হওয়ার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

তবে তিনি জানান, কোনো গন্ধ পাওয়া বা অস্বস্তি অনুভব করার অর্থ এই নয় যে তাৎক্ষণিকভাবে গুরুতর স্বাস্থ্যক্ষতি হচ্ছে। রাসায়নিকের সংস্পর্শের মাত্রা বিবেচনা করেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া ও ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

টলেডোর স্বাস্থ্য বিভাগের প্রধান করিম বারুদি জানিয়েছেন, সংশ্লিষ্ট রাসায়নিকটি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। তবে মঙ্গলবার রাতের ঘটনার কারণে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন। রাসায়নিকের কারণে শরীরে জ্বালাপোড়া বা অস্বস্তি হলে গোসল করে শরীর পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি।

মেয়র জানান, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ও যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জনসাধারণকে নিয়মিত পরিস্থিতির হালনাগাদ তথ্য জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

স্থানীয় বাসিন্দা অ্যালিসিয়া কোর্তেজ জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুকুর নিয়ে হাঁটার সময় তিনি এলাকায় কুয়াশার মতো ঘন আস্তরণ দেখতে পান। প্রায় আধা ঘণ্টা পর তার ও তার স্বামীর মুঠোফোনে আশপাশে বিপজ্জনক পদার্থ থাকার সতর্কবার্তা আসে।

পরে বাইরে গিয়ে তিনি দেখেন, চারদিকে সেই আস্তরণ ছড়িয়ে পড়েছে। তাদের বাড়ির কাছেই ঘটনাস্থলটি অবস্থিত। জরুরি সেবা নম্বরে যোগাযোগ করার পর তাদের দ্রুত এলাকা ছাড়তে বলা হয়।

রাত সাড়ে ১০টার দিকে সন্তান, শাশুড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা দুটি গাড়িতে করে নিরাপদ এলাকার একটি হোটেলের উদ্দেশে রওনা হন। কোর্তেজ জানান, রাস্তায় এত ঘন কুয়াশা ছিল যে সামনের পথও ঠিকমতো দেখা যাচ্ছিল না। গাড়ির কাচে রাসায়নিকের আস্তরণ জমেছিল এবং চোখে জ্বালাপোড়া হচ্ছিল।

বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে বাড়ির অবস্থা দেখতে ফিরে আসেন তারা। কোর্তেজের মাথাব্যথা হচ্ছিল এবং তার মেয়ের কাশি ছিল। পরিবারের সবার গলাতেও অস্বস্তি হচ্ছিল বলে জানান তিনি। ঘরের ভেতরেও রাসায়নিকের গন্ধ থাকায় তার স্বামী জানালা বন্ধ রাখতে সেগুলোতে আঠালো ফিতা লাগান।

প্রয়োজনীয় কাপড়চোপড় নিয়ে তারা আবার হোটেলে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। কোর্তেজ বলেন, পরিস্থিতি নিয়ে তাদের এখনও আস্থা তৈরি হয়নি। রাতের অভিজ্ঞতাকে তিনি ভৌতিক সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেন।

আরেক বাসিন্দা এমিলি ডাউনি জানান, রাসায়নিকের গন্ধ, তীব্র মাথাব্যথা ও চোখ জ্বালাপোড়ার কারণে তার ঘুম ভেঙে যায়। তার মেয়ের চোখও লাল হয়ে গিয়েছিল এবং গলায় ব্যথা ছিল।

প্রথমে তিনি ভেবেছিলেন, তাদের বাড়ি ঘটনাস্থল থেকে যথেষ্ট দূরে হওয়ায় সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু বাইরে তাকিয়ে তিনি কিছুই প্রায় দেখতে পাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে অন্য এলাকায় চলে যান।

ডাউনি বলেন, জীবনে খুব কম সময়ই তিনি এমন ভয় পেয়েছেন, যখন সত্যিই মনে হয়েছে তারা বেঁচে ফিরতে পারবেন কি না।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারখানায় বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো সন্দেহজনক বস্তু
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের পিওরিয়া শহরের একটি কারখানায় বোমা হামলার হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কারখানায় বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো সন্দেহজনক বস্তু
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
দাম কমলো ডিজেলের
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠ সংস্কারের পরিকল্পনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
আরও পড়ুন
কারখানায় বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো সন্দেহজনক বস্তু
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের