ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সরকারি কর্মসূচিতে দুর্নীতির তথ্য দিলেই মিলবে ৩০ হাজার ডলার!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম
মার্কিন বিচার বিভাগ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারি বিভিন্ন কর্মসূচিতে জালিয়াতি ও প্রতারণার তথ্য জানালে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার নতুন কর্মসূচি চালু করেছে দেশটির বিচার বিভাগ। এ কর্মসূচির আওতায় অপরাধের অভিযোগ গঠনে সহায়ক তথ্য দিলে আগাম ১০ হাজার থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন তথ্যদাতারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও জাতীয় জালিয়াতি দমন বিভাগ সম্প্রতি ‘জালিয়াতি তথ্যদাতা পুরস্কার কর্মসূচি’ চালুর ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষের দাবি, অপরাধের অভিযোগ গঠনে সহায়ক তথ্য দেওয়ার জন্য আগাম পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটি দেশটির প্রথম কর্মসূচি।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশ বলেন, জনগণকে প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া বিচার বিভাগের অন্যতম প্রধান অগ্রাধিকার। নতুন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ জালিয়াতি প্রকাশে ভূমিকা রাখতে পারবেন এবং তাঁদের সহযোগিতার জন্য দ্রুত পুরস্কার পাওয়ার সুযোগ তৈরি হবে।

জাতীয় জালিয়াতি দমন বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন এম. ম্যাকডোনাল্ড বলেন, জালিয়াতির বিরুদ্ধে লড়াই জোরদার করা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণের সহযোগিতা নিয়ে প্রতারণা শনাক্ত করা এবং তথ্যদাতাদের পুরস্কৃত করাই কর্মসূচিটির লক্ষ্য।

যেসব প্রতারণার তথ্য দিলে মিলবে পুরস্কার

এ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অপরাধ এবং বিভিন্ন সরকারি সুবিধা ও কর্মসূচিতে জালিয়াতির তথ্য দিলে পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। এর আওতায় কৃষি, শ্রম, স্বাস্থ্য ও মানবসেবা, আবাসন ও নগর উন্নয়ন, শিক্ষা, সাবেক সেনাসদস্যদের কল্যাণ, প্রতিরক্ষা এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসন-সংশ্লিষ্ট সরকারি কর্মসূচিতে প্রতারণার তথ্য বিবেচনা করা হবে।

স্বাস্থ্যসেবা খাতে বিশেষভাবে প্রবীণদের শেষ জীবনের সেবা, বাড়িতে স্বাস্থ্যসেবা, দিবাযত্ন এবং বিশেষায়িত সেবার নামে জালিয়াতির তথ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিযোগের শুরুতেই পুরস্কার

যুক্তরাষ্ট্রের প্রচলিত অনেক তথ্যদাতা পুরস্কার কর্মসূচিতে মামলা নিষ্পত্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং আপিল-প্রক্রিয়া শেষ হওয়ার পর পুরস্কার দেওয়া হয়। নতুন কর্মসূচিতে অপরাধের অভিযোগ গঠনের পরই পুরস্কার দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে তথ্যদাতারা পুরস্কারের পরিমাণ ও পাওয়ার সময় সম্পর্কে তুলনামূলকভাবে আগেই ধারণা পাবেন।

তবে পুরস্কার দেওয়া হবে কি না, তা বিচার বিভাগের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ কর্মসূচিতে তথ্য দেওয়া ব্যক্তিরা অন্য পুরস্কার কর্মসূচিতেও আবেদন করার যোগ্যতা ধরে রাখতে পারবেন।

যেভাবে জানাবেন তথ্য

সরকারি কর্মসূচিতে জালিয়াতি বা প্রতারণার তথ্য জানাতে আগ্রহীরা যুক্তরাষ্ট্রের সরকারের নির্ধারিত ওয়েবসাইট america.gov/fraud ব্যবহার করতে পারবেন। কর্মসূচির নিয়ম ও শর্তাবলি পাওয়া যাবে বিচার বিভাগের justice.gov/fraud/whistleblower ওয়েবসাইটে।

বিচার বিভাগ জানিয়েছে, কর্মসূচিটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ২ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দিচ্ছে। গত ১ অক্টোবর জালিয়াতি দমনে তথ্যদাতাদের উৎসাহিত করার নীতিমালা তৈরির নির্দেশ দেওয়ার ১৯ দিনের মাথায় নতুন কর্মসূচির ঘোষণা আসে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত ৭ এপ্রিল জালিয়াতি দমনে পৃথক বিভাগ গঠনের ঘোষণা দিয়েছিল। নতুন উদ্যোগটি সরকারি সুবিধা কর্মসূচিতে জালিয়াতি, অপচয় ও অপব্যবহার বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেরও অংশ।

সূত্র: মার্কিন বিচার বিভাগ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য।
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের প্রবীণ সেনাদের হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি চালু করেছে কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র।
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পারিবারিক সহিংসতার ঘটনায় ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের বুদ্ধিমত্তায় উদ্ধার করেছে পুলিশ।
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
আরও পড়ুন
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি
মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান