ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বন্যার পানিতে বিপর্যস্ত চার রাজ্য, ছাদ থেকে উদ্ধার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম
যুক্তরাষ্ট্রের ফোর কর্নার্স অঞ্চলে ভয়াবহ বন্যায় প্লাবিত ঘরবাড়ি ও সড়ক, চলছে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চার রাজ্যের সংযোগস্থল ‘ফোর কর্নার্স’ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। কোথাও কোথাও বাড়ির ছাদে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে হচ্ছে। বন্যার আশঙ্কায় কলোরাডো ও নিউ মেক্সিকোর নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কিছু এলাকার মানুষকে পানি না কমা পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

শুক্রবারের (২৩ অক্টোবর) এই বন্যার পেছনে রয়েছে প্রায় দুই মাসের টানা ভারী বৃষ্টি। এতে ওই অঞ্চলের গ্রীষ্মকালীন খরা কেটে গেলেও মাটি অতিরিক্ত ভিজে গেছে। বুধবার (২১ অক্টোবর) থেকে সেখানে প্রায় ৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। সপ্তাহান্তেও আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অ্যারিজোনা, কলোরাডো, নিউ মেক্সিকো ও ইউটাহ—এই চার রাজ্যের সংযোগস্থল ফোর কর্নার্স অঞ্চলটি বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এদিকে, চলতি সপ্তাহজুড়েই অঞ্চলটিতে ভয়াবহ আবহাওয়া বিরাজ করছে। ইউটাহতে বৃষ্টিতে বহু বাড়ি প্লাবিত হয়েছে। অ্যারিজোনায় টর্নেডোর আঘাতে বাড়ির ছাদ উড়ে গেছে, ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।

এদিকে, নিউ মেক্সিকোর সান হুয়ান কাউন্টিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত নৌকা, হেলিকপ্টার ও উভচর যান ব্যবহার করেছেন উদ্ধারকর্মীরা।

কাউন্টির মুখপাত্র ডেভিন নিলি জানান, কয়েকটি বাড়িতে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও বাড়ির ছাদ থেকে মানুষকে উদ্ধার করতে হচ্ছে। বৃষ্টি সাময়িকভাবে থামলেও নদীর পানি বাড়ছে, আর সামনে আরও পানি আসার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। উদ্ধারকর্মীরা এখনো মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নিচ্ছেন। এমনকি কাউন্টির শেরিফের নিজের বাড়িও বন্যার ঝুঁকিতে রয়েছে।

নিউ মেক্সিকোর ফার্মিংটন শহরে সান হুয়ান নদীর তীরবর্তী প্রায় ৬০০ পরিবারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরটির পুলিশপ্রধান স্টিভ হেবে জানান, কলোরাডো থেকে দক্ষিণে প্রবাহিত আনিমাস নদীর পানি আরও বাড়তে পারে। নদীটির পানি সান হুয়ান নদীতে গিয়ে মেশে।

তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি যে এতটা ভয়াবহ হতে পারে, অনেকেই তা বিশ্বাস করছেন না। কিন্তু পানির প্রবাহ ও ঢেউয়ের গতি দেখে বিপদের মাত্রা বোঝা যাচ্ছে। তাঁর ভাষায়, এটি একটি প্রজন্মের মধ্যে দেখা সবচেয়ে বড় বন্যার ঘটনাগুলোর একটি হতে পারে।

নাভাহো অঞ্চলেও বন্যার আশঙ্কা

সান হুয়ান নদীর ভাটিতে বিস্তৃত নাভাহো অঞ্চলের বাসিন্দারাও বন্যার আশঙ্কায় রয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত থেকে শনিবার সকালের মধ্যে সেখানে নদীর পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাভাহো জাতির উপপ্রধান পুলিশ কর্মকর্তা ডনি কিউ বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও গৃহপালিত প্রাণীদের নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার পর দেরি করা উচিত নয়।

ইউটাহতে কমছে পানি, তবে নতুন করে বন্যার শঙ্কা

ইউটাহর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হারিকেন শহরে কয়েক দিন আগে বন্যার কারণে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। শুক্রবার (২৩ অক্টোবর) কিছু মানুষ বাড়িতে ফিরতে শুরু করেন। তবে রাস্তায় ভেসে আসা কাদামাটি ও ধ্বংসাবশেষ পরিষ্কার করতে হচ্ছে।

এদিকে, ইউটাহর দক্ষিণ-পূর্বাঞ্চলে নদী ও ছোট জলধারাগুলোতে পানির প্রবাহ বেড়েছে। সপ্তাহান্ত পর্যন্ত সেখানে বন্যার সতর্কতা জারি থাকার কথা জানিয়েছেন সল্টলেক সিটির আবহাওয়াবিদ অ্যালেক্স ডি স্মেট।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ফোর কর্নার্স অঞ্চলে সপ্তাহান্তেও ভারী বৃষ্টি হতে পারে। নিউ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে আরও প্রায় আধা ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় পাথুরে মাটি ও গাছপালা কম থাকায় আকস্মিক বন্যার ঝুঁকি আগে থেকেই বেশি। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে মাটি পুরোপুরি ভিজে যাওয়ায় এবার বিস্তৃত এলাকায় বন্যার আশঙ্কা আরও বেড়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে স্থলভাগে প্রবেশ করা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের অবশিষ্ট আর্দ্রতা থেকেই এ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পূর্বাভাসদাতারা।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যাওয়া বিমান চলাচল আবার শুরুর অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল প্রশাসন। 
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে প্রায় ২৪ ঘণ্টা চাপা থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে।
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!