
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি শপিং মলে ঢুকে পিচ ফল খেয়েছে এক কালো ভালুক। শুধু তা-ই নয়, বেরিয়ে যাওয়ার আগে মলের করিডোরের মেঝেতে মলত্যাগও করে যায় প্রাণীটি। পুরো ঘটনা ধরা পড়েছে নিরাপত্তা ক্যামেরায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে গত ৮ জুলাই সকাল ৯টার দিকে, আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনের (জেবিইআর) এক্সচেঞ্জ শপিং মলে। স্বয়ংক্রিয় দরজা দিয়ে অনায়াসে মলের ভেতরে প্রবেশ করে ভালুকটি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মলে ঢোকার পর ভালুকটি প্রথমে একটি নাপিতের দোকানের সামনে যায়। সেখানে কর্মরত কোরি গডবাউট তখন দিনের প্রথম ক্রেতার অপেক্ষায় ছিলেন। হঠাৎ এক সহকর্মীর চিৎকারে তিনি ফোন থেকে চোখ তুলে তাকিয়ে দেখেন, ভালুকটি তাদের দোকানের দিকে এগিয়ে আসছে।
পরিস্থিতি বুঝতে পেরে গডবাউটসহ দোকানের কর্মীরা দ্রুত পাশের একটি বিরতির কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।
কয়েক মিনিট পর বেরিয়ে এসে গডবাউট মোবাইল ফোন হাতে ভালুকটির পিছু নেন। এ সময় ভালুকটি মলের কমিসারি বা মুদি দোকানের অংশে ঢুকে একটি পিচ ফল তুলে খেয়ে ফেলে।
পরে কয়েকজন মিলে ভালুকটিকে ভয় দেখিয়ে মল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এতে সেটি আবার নাপিতের দোকানের দিকে ফিরে আসে। তবে ততক্ষণে কর্মীরা দোকানের দরজা বন্ধ করে নিরাপদ অবস্থানে চলে গিয়েছিলেন।
জানালা দিয়ে ভালুকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন কর্মীরা। একপর্যায়ে মলের করিডোরের মেঝেতেই মলত্যাগ করে সেটি। পরে বন্য প্রাণী সংরক্ষণ আইন প্রয়োগকারী কর্মকর্তারা ভালুকটিকে সেখান থেকে সরিয়ে কাছের জঙ্গলে নিয়ে যান।
ঘটনায় কোনো মানুষ আহত হননি। ভালুকটিরও কোনো ক্ষতি হয়নি।
ঘাঁটির কর্মকর্তারা জানান, গত মে মাসে বন্য প্রাণী প্রতিরোধী ময়লার পাত্র স্থাপনের পর ওই এলাকায় ভালুকের সঙ্গে মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।
সূত্র: আলাস্কা নিউজ সোর্স
আরটিভি/এসকে


