
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগের তদন্ত থেকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসকে সরানোর আবেদনের বিরোধিতা করেছেন তিনি। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে তাকে বিশেষ আইনজীবীর দায়িত্ব থেকে সরানোর আবেদন করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদালতে জমা দেওয়া জবাবে জেমস বলেন, তাকে দায়িত্ব থেকে সরানোর আবেদনটি বিচারযোগ্য নয়। তার দাবি, বিশেষ আইনজীবী নিয়োগের ক্ষমতা অঙ্গরাজ্যের গভর্নরের রয়েছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের বাড়িতে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত সাত পুরুষের একজন গিলিও লোপেসের আইনজীবী চলতি মাসে জেমসকে সরানোর আবেদন করেন। তার অভিযোগ, জেমসের বক্তব্যে পক্ষপাত ও অভিযুক্তদের আগেই দোষী ধরে নেওয়ার মনোভাব প্রকাশ পেয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল গত ১ অক্টোবর জেমসকে বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ দেন। ২০২৪ সালে ওই নারীর যৌন নিপীড়নের অভিযোগ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ও স্থানীয় আইনজীবীর কার্যালয়ের ভূমিকা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওই ভ্রাতৃসংঘের বাড়িতে নারীটিকে ধর্ষণ করা হয় এবং তাকে মাদক খাওয়ানো হয়। এ ঘটনায় এখনো কোনো ফৌজদারি অভিযোগ গঠন করা হয়নি। মামলায় ওই নারীর পরিচয় গোপন রেখে জেন ডো নামে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত আরেক সাবেক ভ্রাতৃসংঘের সদস্য উইনস্টন লির আইনজীবীরাও জেমসকে ভবিষ্যতের বিচারকদের নিয়ে গঠিত তদন্ত কার্যক্রম থেকে সরানোর আবেদন করেছেন। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।
জেমসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগের পক্ষে আইনজীবীরা গত ২৮ সেপ্টেম্বর তার কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের কথা উল্লেখ করেছেন। ওই পোস্টে অভিযোগকারী নারীর প্রতি সমর্থন জানানো হয়েছিল এবং যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের পাশে থাকার কথা বলা হয়েছিল।
তবে জেমস এ মাসে বলেছেন, তিনি এমন একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ, যার ওপর সবাই আস্থা রাখতে পারবেন। তার ভাষ্য, তদন্ত পরিচালিত হবে কেবল তথ্য, প্রমাণ ও আইন অনুসরণ করে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


