ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ছিনতাইয়ের হুমকি, যাত্রীর বার্তায় মাঝপথে ফিরল ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ এএম
ইউনাইটেড এয়ারলাইনসের বিমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাইয়ের হুমকি দিয়ে বার্তা পাঠানোর অভিযোগে ২৫ বছর বয়সী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পাঠানো বার্তায় বিমান ছিনতাই এবং নির্দিষ্ট আসনের সারিতে আঘাত করার হুমকির কথা উঠে এসেছে। এ ঘটনায় মাঝআকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয় ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান।

অভিযুক্তের নাম দান্তে মিলনে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, নিজের মুঠোফোনে তিনি লিখেছিলেন, তিনি বিমানটি ছিনতাই করবেন এবং একটি নির্দিষ্ট আসনের সারিতে আঘাত করবেন। তবে কীভাবে বার্তাটি পাঠানো হয়েছিল কিংবা কাকে উদ্দেশ করে লেখা হয়েছিল, তা অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি।

ঘটনার পর মিলনেকে লাস ভেগাসের ক্লার্ক কাউন্টি আটককেন্দ্রে নেওয়া হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি দেওয়া বা এ-সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, পরে ১০ হাজার ডলারের মুচলেকায় তিনি মুক্তি পান। মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার।

ঘটনাটি ঘটে শনিবার (২৪ অক্টোবর) রাতে। লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ জার্সির নেওয়ার্কগামী ইউনাইটেড এয়ারলাইনসের ১৬৮১ নম্বর ফ্লাইটে ১৫০ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। বিমানটি ছিল বোয়িং ৭৩৭ মডেলের।

উড্ডয়নের কিছুক্ষণ পর এক বিমানবালা মিলনেকে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা লিখতে দেখেন। নিরাপত্তা বিধি মেনে তিনি সরাসরি ওই যাত্রীর মুখোমুখি না হয়ে দ্রুত পাইলটকে খবর দেন। এরপর পাইলট ককপিটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং লাস ভেগাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের কথোপকথনের রেকর্ডিংয়ে ঘটনার বিবরণ পাওয়া গেছে। পাইলট জানান, বিমানবালা ওই যাত্রীর বার্তা দেখে ছিনতাইয়ের হুমকির কথা জানান। এরপর তারা নিরাপত্তা ব্যবস্থা চালু করে ফিরে আসেন।

নিয়ন্ত্রণকক্ষ থেকে জানতে চাওয়া হলে সন্দেহভাজন যাত্রীকে আটকানো হয়েছে কি না, পাইলট জানান, তাকে বেঁধে রাখা হয়নি। কারণ, ক্রুরা যে তার বার্তা দেখেছেন, তা তিনি জানতেন না।

বিমানের গতিপথের তথ্য অনুযায়ী, এটি এক ঘণ্টারও কম সময় আকাশে ছিল। স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটের দিকে বিমানটি নিরাপদে লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে লাস ভেগাস মহানগর পুলিশের সদস্যরা অপেক্ষা করছিলেন। তারা কোনো বাধা ছাড়াই মিলনেকে আটক করেন।

পরে সব যাত্রীকে বিমান থেকে নামানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোয়িং ৭৩৭ বিমানটিতে বিস্তারিত তল্লাশি চালায়। এ ঘটনায় কেউ আহত হননি।

তবে বিমানটির গতিপথ পরিবর্তনের কারণে পাইলট ও ক্রুদের নির্ধারিত কর্মঘণ্টা শেষ হয়ে যায়। ফলে বাকি ১৪৯ যাত্রীকে লাস ভেগাসে রাত কাটাতে হয়। রোববার (২৫ অক্টোবর) সকালে নতুন সময়সূচি অনুযায়ী তাদের নেওয়ার্কের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

নেভাডা অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে হুমকি দেওয়া বা মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে এক থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাণিজ্যিক বিমানে যাত্রীদের অসদাচরণের এক হাজার ৪০০টির বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন।
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক থেকে লুইজিয়ানার নিউ অরলিন্সগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার দাবি এবং পাইলটের ককপিটে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) এক কর্মকর্তার বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানি এবং যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাবের গুরুতর অভিযোগ উঠেছে।  একই সঙ্গে ওই নারীর স্বামীকে কারাদণ্ড দেওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 
গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
আরও পড়ুন
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়