ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প: সাবেক মিস সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাবেক মিস সুইজারল্যান্ড বিয়াট্রিস কিউল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াট্রিস কিউল। তার অভিযোগ, ১৯৯৩ সালে নিউইয়র্কের একটি হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। এর আগে একই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে হাত দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। তবে নতুন অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস।

সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ উঠে আসে। জেফরি এপস্টেইনের অপরাধ এবং তার সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্ক নিয়ে তদন্তের অংশ হিসেবে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে ২৪ বছর বয়সে নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় বিয়াট্রিসের। সে সময় হোটেলটির মালিক ছিলেন ট্রাম্প। বিয়াত্রিসের দাবি, ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের ভিসার ব্যবস্থা করে দেওয়া এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘আমি তোমার যত্ন নেব।’

তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরে ট্রাম্পের এক প্রতিনিধি তাকে হোটেলের ওপরের তলায় ট্রাম্পের সঙ্গে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর প্রবেশ মাত্রই ট্রাম্প পেছন থেকে তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন বিয়াট্রিস। এতে তার পোশাক ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত ও কালশিটে দাগ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিয়াট্রিস ঘটনাটিকে ‘নৃশংস’ বলে বর্ণনা করেছেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর ট্রাম্প তাকে বিছানার কিনারায় বসিয়ে আবারও ভিসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাস দেন। পাশাপাশি বিষয়টি গোপন রাখার প্রতিশ্রুতি নেন বলে দাবি করেছেন বিয়াট্রিস।

প্রতিবেদনে বিয়াট্রিসের বরাত দিয়ে বলা হয়, ট্রাম্পের কাছ থেকে সরে আসার পর দণ্ডিত যৌন পাচারকারী জেফরি এপস্টেইন তার সঙ্গে যোগাযোগ করেন। এপস্টেইন নিজেকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ফ্লোরিডার মার-আ-লাগোতে একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান বলেও অভিযোগ রয়েছে।

তবে ট্রাম্প দাবি করে আসছেন, অপরাধের বিষয়ে সন্দেহ তৈরি হওয়ার অনেক আগেই এপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের অবসান ঘটে। এপস্টেইনকে তিনি বাজে লোক বলেও বর্ণনা করেছেন এবং নিজের মার-আ-লাগো ক্লাব থেকে তাকে বের করে দিয়েছিলেন বলে দাবি করেছেন।

২০২৪ সালের অক্টোবরে বিয়াট্রিস প্রথম ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, ১৯৯৩ সালে প্লাজা হোটেলে ট্রাম্প তাকে চুমু দিয়েছিলেন, পোশাক তোলার চেষ্টা করেছিলেন এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়েছিলেন। তবে তখন তিনি দাবি করেছিলেন, ঘটনা এর বেশি দূর গড়ায়নি। তার এক দীর্ঘদিনের বন্ধুর দাবি, বিয়াট্রিস প্রায় ২০ বছর আগেই তাকে এ ঘটনার কথা জানিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তার বর্ণনায় পরিবর্তন আসেনি।

এদিকে, নতুন প্রতিবেদন ও অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। তাদের এক মুখপাত্র অভিযোগগুলোকে ট্রাম্পের অর্জন থেকে মার্কিন জনগণের মনোযোগ সরানোর জন্য ডেমোক্র্যাটদের মরিয়া চেষ্টা বলে বর্ণনা করেছেন।

২০২৪ সালে বিয়াট্রিসের আগের অভিযোগের সময়ও ট্রাম্পের তৎকালীন প্রেস সচিব ক্যারোলিন লেভিট সেগুলোকে মিথ্যা বলে দাবি করেছিলেন। নতুন অভিযোগের বিষয়ে ট্রাম্পের এক মুখপাত্র বলেছেন, এপস্টেইন-সংক্রান্ত বিষয়ে ট্রাম্পকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করা হয়েছে।

এছাড়া, প্রতিবেদনটিতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগ তোলা আরও চার নারীর বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এতে দাবি করা হয়েছে, প্লাজা হোটেলে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতাকে ট্রাম্প, এপস্টেইন ও তাদের সহযোগীরা তরুণী ও অল্পবয়সী মেয়েদের শিকারে পরিণত করার জায়গা হিসেবে ব্যবহার করতেন।

প্রতিবেদন প্রকাশের সময় ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন বলেন, পাঁচ নারী সরাসরি অভিযোগ করেছেন যে এপস্টেইনের উপস্থিতিতে বা তার সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতিতে ট্রাম্প তাদের ধর্ষণ বা যৌন নিপীড়ন করেছেন। আরও কয়েকজনের বক্তব্যে এপস্টেইন বা ঘিসলেন ম্যাক্সওয়েলের মাধ্যমে তাদের ট্রাম্পের কাছে পাচারের চেষ্টার কথা উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।

রাসকিন আরও অভিযোগ করেন, প্রেসিডেন্টকে রক্ষা করতে ট্রাম্পের বিচার বিভাগ এসব অপরাধ আড়াল করছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনে উত্থাপিত দাবিগুলো স্বাধীনভাবে প্রমাণিত হয়েছে—এমন তথ্য দেওয়া হয়নি।

সূত্র: ওয়ার্ল্ড ইস ওয়ান নিউস (উইওন)

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন।
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক থেকে লুইজিয়ানার নিউ অরলিন্সগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার দাবি এবং পাইলটের ককপিটে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) এক কর্মকর্তার বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানি এবং যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাবের গুরুতর অভিযোগ উঠেছে।  একই সঙ্গে ওই নারীর স্বামীকে কারাদণ্ড দেওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 
গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ