
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। চলতি বছর অঙ্গরাজ্যটিতে এ রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে অঙ্গরাজ্যটি।
সোমবার (৯ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৫ জনে। আগের হিসাবের তুলনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। গত সাত দিনে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৮ বছরের কম বয়সীদের হার ৩৩ শতাংশ। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের মধ্যে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তির সংখ্যা ১ শতাংশেরও কম।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৮২ জনে। ১৯৯১ সালের পর এটিই দেশটিতে এক বছরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য জানা যায়নি।
পেনসিলভানিয়ার পর সবচেয়ে বেশি হাম ছড়িয়েছে সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ অঙ্গরাজ্যে। এদিকে, ২০০০ সাল থেকে হাম নির্মূলের স্বীকৃতি ধরে রাখা যুক্তরাষ্ট্র সেই অবস্থান বজায় রাখতে পারছে কি না, তা পর্যালোচনা করতে চলতি সপ্তাহে বৈঠকে বসবে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ



