
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিগ বেন্ড জাতীয় উদ্যান এলাকায় সীমান্ত দেয়াল নির্মাণের অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
সোমবার (৯ নভেম্বর) আদালতের এ সিদ্ধান্তের ফলে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পথে আর বাধা থাকল না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের।
এর আগে পরিবেশগত ক্ষতির আশঙ্কায় একটি মামলা চলমান থাকায় দেয়াল নির্মাণের কাজ স্থগিত করেছিলেন নিম্ন আদালত। তবে ট্রাম্প প্রশাসনের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে সেই স্থগিতাদেশ তুলে নিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, প্রকল্পটির ক্ষেত্রে সরকারের নিরাপত্তাসংক্রান্ত স্বার্থ পরিবেশ, সৌন্দর্য ও বিনোদনমূলক ক্ষতির আশঙ্কার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, বিগ বেন্ড এলাকায় প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ যানবাহন চলাচল ঠেকানোর প্রতিবন্ধক নির্মাণ করা হবে। তবে সেখানে অন্য সীমান্ত এলাকার মতো ৩০ ফুট উঁচু দেয়াল নির্মাণের পরিকল্পনা নেই। পুরো বিগ বেন্ড সীমান্ত এলাকায় ৪৮০ কিলোমিটারের বেশি বিস্তৃত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় কয়েকটি পক্ষ এ প্রকল্পের বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, দেয়াল নির্মাণের কারণে জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশ, বন্য প্রাণী ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনা করে পরিবেশবাদীরা বলেছেন, এতে মরুভূমি ও গিরিখাত ধ্বংসের পথ খুলে গেছে।
আদালতের ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের মধ্যে শুধু বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন এ সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ



