
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) নারী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) টেক্সাসের গ্যালভেস্টন বন্দরে জাহাজটি ফিরে আসার পর তাকে আটক করা হয়। এ ঘটনায় তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
ঘটনাটি ঘটেছে এমএসসি সিস্কেপ নামের একটি প্রমোদতরীতে। রোববার (৮ নভেম্বর) টেক্সাস থেকে সাত দিনের ভ্রমণে যাত্রা শুরু করেছিল জাহাজটি। তবে জাহাজে এক যাত্রীর মৃত্যুর ঘটনার পর সেটিকে গ্যালভেস্টন বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
গ্যালভেস্টনের চিকিৎসা পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, নিহত ব্যক্তি একজন নারী। মঙ্গলবার তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। তবে নিহত নারী ও আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি এফবিআই। নিহতের পরিবারের কাছে খবর পৌঁছানোর পর সন্দেহভাজনের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে জাহাজের এক যাত্রী জানান, রোববার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে জাহাজজুড়ে জরুরি ঘোষণা দেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, জাহাজটি আবার গ্যালভেস্টন বন্দরে ফিরে এসেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখেন তিনি।
ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী, সীমান্ত সুরক্ষা সংস্থা, বন্দর পুলিশ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করছে এফবিআই।
এমএসসি ক্রুজ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে তারা পুরোপুরি সহযোগিতা করছে। জাহাজটি পরবর্তী সময়ে গ্যালভেস্টন বন্দর ছেড়ে নির্ধারিত যাত্রাপথে আবার চলাচল শুরু করেছে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


