
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যবহৃত ওষুধ পরীক্ষা করতে আসামিপক্ষের আইনজীবীদের বাধা দিচ্ছে রাজ্য কর্তৃপক্ষ। ওষুধের সরবরাহকারীর পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৫০ বছর বয়সী ক্রিস্টা পাইক গত সেপ্টেম্বরে প্রাণঘাতী ইনজেকশনের দুটি মাত্রা নেওয়ার পরও বেঁচে যান। তার আইনজীবীদের দাবি, ওষুধটি সঠিকভাবে রক্তে প্রবেশ না করায় দুই হাতের শিরায় জমে যায়। এতে তার হাতে মারাত্মক ক্ষত ও ফোসকা তৈরি হয়।
আইনজীবীরা বলছেন, ব্যবহৃত ওষুধের সংরক্ষণ, মেয়াদ ও সরবরাহসংক্রান্ত তথ্য পরীক্ষা করা জরুরি। তবে রাজ্য কর্তৃপক্ষের দাবি, এতে ওষুধ সরবরাহকারীর পরিচয় প্রকাশ পেতে পারে এবং ভবিষ্যতে ওষুধ সংগ্রহ কঠিন হয়ে পড়বে।
এদিকে, ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের পর কয়েক দিন হাসপাতালে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় ছিলেন ক্রিস্টা। বর্তমানে তিনি কারাগারে ফিরে গেছেন এবং এখনো নিয়মিত ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ১৯ বছর বয়সী এক সহপাঠীকে নির্যাতন ও হত্যার দায়ে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড হয়েছিল। তার আইনজীবীরা এখন মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছেন।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ


