
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী আলোচনার পর এ বিষয়ে সম্মত হয় দেশ দুটি।
রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানান, দুই পক্ষ বড় পরিসরে বন্দি বিনিময়ে রাজি হয়েছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই বিনিময় হতে পারে। তবে কতজন বন্দি মুক্তি পাবেন, তা বৃহস্পতিবার চূড়ান্ত হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার জানান, আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধ বন্ধে সবচেয়ে কঠিন বিষয় হবে ভূখণ্ড নিয়ে বিরোধ মীমাংসা করা। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হয়েছে।
ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, বছরের শেষ নাগাদ সমাধানে পৌঁছানোর বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। পরবর্তী আলোচনায় ইউরোপীয় দেশগুলোকেও যুক্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় সরাসরি অংশ নেননি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরবর্তী সময়ে দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ


