
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। তবে বিবিসির বিরুদ্ধে আনা অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারক।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ এ আদেশ দেন।
আদেশে বিচারক জানান, বিবিসির সম্পাদিত (এডিটেড) ভিডিওর কারণে ট্রাম্পের সুনাম ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পাশাপাশি ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের বিষয়টি সংবাদমাধ্যমটির জানা ছিল কিংবা তাদের তা জানা উচিত ছিল—ট্রাম্পের এমন অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি আদালত।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের একটি ভিডিও প্রচারকে কেন্দ্র করে মামলাটি করা হয়। ট্রাম্পের দাবি, ভাষণের দুটি পৃথক অংশ জুড়ে দিয়ে বিবিসি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেনো ধারণা তৈরি হয় তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। অথচ ভিডিওতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানানো তার বক্তব্যের একটি অংশ বাদ দেওয়া হয়।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’য় ভিডিওটি প্রচারিত হয়েছিল। ওই নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।
এদিকে আদালতের আদেশকে নিজের জন্য ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে তাদের লড়াই চলবে।
অন্যদিকে, আদালতের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বিবিসি। তবে বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে মামলায় নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ভিডিও সম্পাদনায় বিভ্রান্তিকর উপস্থাপনার বিষয়টি স্বীকার করে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি। তবে মানহানির অভিযোগ মেনে নেয়নি সংবাদমাধ্যমটি। গেল বছরের ডিসেম্বরে ফ্লোরিডার আদালতে দায়ের করা মামলায় অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন ট্রাম্প।
আরটিভি/এসআর


