
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে সহিংস অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে ৬ কোটি ৮০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে দেশটির বিচার বিভাগ। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং পুলিশি কার্যক্রম শক্তিশালী করতে ‘মডেল সিটিজ ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় এ অর্থ দেওয়া হয়েছে।
প্রায় ৫০টি মার্কিন শহরের মধ্য থেকে চারটি শহরকে এ কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে সেন্ট লুইস ছাড়াও রয়েছে ফ্লোরিডার জ্যাকসনভিল, মিসিসিপির জ্যাকসন এবং লুইজিয়ানার ব্যাটন রুজ।
সেন্ট লুইস শহরে চলতি বছরে হত্যাকাণ্ড ২১ শতাংশ, ডাকাতি ২৫ শতাংশ, গাড়ি চুরি ১৪ শতাংশ এবং কিশোরদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ২২ শতাংশ কমেছে। অপরাধ নিয়ন্ত্রণে তথ্যনির্ভর পুলিশি কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের কারণে শহরটি এ অনুদানের জন্য নির্বাচিত হয়েছে।
প্রাপ্ত অর্থ দিয়ে পুলিশের সদস্য নিয়োগ ও ধরে রাখা, ড্রোনের সংখ্যা দ্বিগুণ করা, গুলির শব্দ শনাক্তকরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং অপরাধ পর্যবেক্ষণ কেন্দ্র আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, চারটি শহরের জন্য প্রায় ৩০ কোটি ডলারের এই কর্মসূচির লক্ষ্য সহিংস অপরাধ কমানো, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
সহিংস অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরকে ৬ কোটি ৮০ লাখ ডলারের বেশি অনুদান দেওয়া হয়েছে।
সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
আরটিভি/জেএমএ




