
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের বার্ষিক ভর্তি ও পরিকল্পনা পরিবর্তনের শেষ সময় ৭ ডিসেম্বর। এ সময়ের মধ্যে গ্রাহকেরা নিজেদের স্বাস্থ্যবিমা পরিকল্পনা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। নতুন পরিকল্পনা কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট থাকলেও সবারই নতুন করে বিকল্পগুলো যাচাই করা উচিত। কারণ প্রতিবছর বিমার খরচ, ওষুধের সুবিধা এবং চিকিৎসক ও হাসপাতালের তালিকায় পরিবর্তন আসে।
গ্রাহকদের জন্য প্রচলিত মেডিকেয়ার ও বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত মেডিকেয়ার অ্যাডভান্টেজের মধ্যে সঠিকটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। প্রচলিত ব্যবস্থায় ওষুধের বিমা ও অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের জন্য আলাদা বিমা নিতে হয়। অন্যদিকে, মেডিকেয়ার অ্যাডভান্টেজে এক পরিকল্পনার আওতায় বিভিন্ন সুবিধা পাওয়া গেলেও নির্দিষ্ট চিকিৎসক ও হাসপাতালের মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিমা বেছে নেওয়ার আগে প্রয়োজনীয় চিকিৎসক, হাসপাতাল, ওষুধের সুবিধা এবং সম্ভাব্য খরচ ভালোভাবে যাচাই করতে হবে। প্রয়োজনে সরকারি সহায়তা কেন্দ্র বা অভিজ্ঞ পরামর্শকের সাহায্য নেওয়া যেতে পারে।
তবে ৭ ডিসেম্বরের পরও মেডিকেয়ার অ্যাডভান্টেজে থাকা গ্রাহকেরা ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অন্য পরিকল্পনায় যেতে পারবেন অথবা প্রচলিত মেডিকেয়ারে ফিরে আসতে পারবেন।
আরটিভি/জেএমএ




