
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সাবেক সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যায় মৃত্যুর অর্ধেক ঘটনাই ঘটেছে সামরিক বাহিনী ছাড়ার ২৩ বছরেরও বেশি সময় পর।
গবেষকেরা ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও মিনেসোটা অঙ্গরাজ্যের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পেয়েছেন। এতে দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় সাবেক সেনাসদস্যদের আত্মহত্যায় মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।
গবেষকদের মতে, সামরিক বাহিনী ছাড়ার প্রথম বছর সাবেক সেনাসদস্যদের মানসিক সহায়তার ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও পরবর্তী জীবনেও তাদের নিয়মিত সহায়তা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের প্রবীণ সেনা বিষয়ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ৬ হাজার ৪০০ জনের বেশি সাবেক সেনাসদস্য আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬২ শতাংশ মৃত্যুর বছর বা তার আগের বছর ওই বিভাগের স্বাস্থ্যসেবা নেননি।
গবেষকেরা এখন আরও সাতটি অঙ্গরাজ্যে এ গবেষণা সম্প্রসারণ করছেন। তাদের মতে, শুধু বিশেষ দিবসে নয়, সাবেক সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের খোঁজখবর রাখতে হবে সারা বছর।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


