
যুক্তরাষ্ট্রে কর্মবাজারের স্থিতিশীলতা বজায় থাকলেও বাড়ি বিক্রিতে বড় ধস নেমেছে। গত অক্টোবরে দেশটিতে আগে থেকে ব্যবহৃত বাড়ি বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ কমে ৩৭ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে, যা ২০১০ সালের আগস্টের পর সর্বনিম্ন। উচ্চ ঋণের সুদ ও বাড়ির চড়া দামকে এ পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য নতুন আবেদন বেড়েছে ৯ হাজার। গত সপ্তাহে এ সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখে। তবে এক সপ্তাহের বেশি সময় ধরে বেকার ভাতা নেওয়া মানুষের সংখ্যা ২০ হাজার কমে ১৬ লাখ ৯৭ হাজারে নেমেছে। এতে দেশটির কর্মবাজারের স্থিতিশীল চিত্র উঠে এসেছে।
এদিকে, বাড়ি বিক্রি কমলেও বাড়ির দাম বেড়েছে। অক্টোবরে ব্যবহৃত বাড়ির গড় মধ্যম দাম গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ লাখ ২১ হাজার ৯০০ ডলারে পৌঁছেছে। একই সময়ে বাড়ি বিক্রির জন্য বাজারে থাকা বাড়ির সংখ্যা বেড়ে ১৫ লাখ ৯০ হাজার হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঋণের সুদের হার ৭ শতাংশের ওপরে থাকায় সাধারণ মানুষের বাড়ি কেনার সামর্থ্য কমছে। এ পরিস্থিতিতে আগামী বছরের শেষ ভাগের আগে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি ৪০ লাখের নিচে থাকতে পারে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


