
এআই সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনায় দুটি বৃহৎ গণনাকেন্দ্র নির্মাণে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, টেক্সাসের স্টারবেস কেন্দ্রে ২৪ বিলিয়ন ডলারের বেশি এবং অ্যারিজোনার কোচিস কাউন্টিতে প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। অ্যারিজোনার প্রকল্পটি অনুমোদন পেলে নির্মাণকাজে প্রায় ৫ হাজার ৫০০ জনের কর্মসংস্থান হবে। স্থায়ীভাবে কাজের সুযোগ পাবেন আরও ১ হাজার মানুষ।
অন্যদিকে, টেক্সাসের প্রকল্পে ইতোমধ্যে ৩ হাজারের বেশি নির্মাণকর্মীর কর্মসংস্থান হয়েছে। কেন্দ্রটি চালু হলে স্থায়ীভাবে ৫০০ জনের বেশি কাজের সুযোগ পাবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্পেসএক্সের মোট আয়ের অর্ধেকের বেশি এসেছে এআই খাত থেকে। এতে বোঝা যাচ্ছে, রকেট ও স্যাটেলাইট ব্যবসার পাশাপাশি এআই খাতেও দ্রুত সম্প্রসারিত হচ্ছে প্রতিষ্ঠানটি।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


