
অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে ৭ লাখ ২০ হাজারের বেশি বিএমডব্লিউ গাড়ির মালিককে গাড়ি বাড়ির বাইরে খোলা জায়গায় রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিএমডব্লিউ জানায়, গাড়ি বন্ধ ও পার্ক করা অবস্থাতেও আগুন লাগার ঝুঁকি রয়েছে। ২০২৪ সালে পানির পাম্পের ত্রুটির কারণে এসব গাড়ি একবার প্রত্যাহার করা হয়েছিল। মেরামতের পরও নতুন করে ঝুঁকি দেখা দেওয়ায় আবারও গাড়িগুলো প্রত্যাহার করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগ ঠিকভাবে সিল করা না থাকায় সেখানে পানি ঢুকে শর্টসার্কিট ও অগ্নিকাণ্ড ঘটতে পারে। ২০২৪ সালে মেরামতের পরও এ সমস্যার সঙ্গে সম্পর্কিত ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিএমডব্লিউ।
মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত গাড়িগুলো ভবন ও অন্যান্য যানবাহন থেকে দূরে বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে তৈরি বিভিন্ন মডেলের বিএমডব্লিউ ৩, ৫ ও ২ সিরিজ, এক্স১, এক্স৩, এক্স৪, এক্স৫ এবং জেড৪ সিরিজের গাড়ি এ তালিকায় রয়েছে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


