
টানা দুই দিনের বিপর্যয়ের পর রোববারের (১৫ নভেম্বর) মধ্যে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশের পর হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার (১৫ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
শনিবার (১৪ নভেম্বর) কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, পরিস্থিতির সবচেয়ে খারাপ সময় পেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। রোববার (১৫ নভেম্বর) দিনের শেষ নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক সূচিতে ফিরবে বলে আশা করা হচ্ছে।
পুরোনো তামার তারের পরিবর্তে আধুনিক তার স্থাপনের সময় যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ বিপর্যয়ের সূত্রপাত। পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কাজের সময় ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ও রাডার ব্যবস্থায় বিঘ্ন ঘটে। ফলে চার ঘণ্টার বেশি সময় দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে হয়।
শুধু শনিবারই (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অনেকে হোটেল, বাস ও ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। কেউ কেউ বিমানবন্দরেই রাত কাটান।
কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কাজ শেষ করতে আরও ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে পরিবহন বিভাগ। কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও আকাশে থাকা কোনো যাত্রীর নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
আরটিভি/জেএমএ


