
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের পিওরিয়া শহরের একটি কারখানায় বোমা হামলার হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কারখানাটিতে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদ করে।
রোববার (১৫ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।
পুলিশ জানায়, ঘটনাটিকে বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করে কারখানার চারপাশে এক মাইল এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় এবং সড়ক বন্ধ রাখা হয়। কয়েক ঘণ্টা তল্লাশির পর নতুন কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে শনিবার (১৪ নভেম্বর) ওই এলাকার সরিয়ে নেওয়ার নির্দেশ তুলে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে কোনোভাবেই গুজব বা ভুয়া হুমকি হিসেবে দেখা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও বোমা নিষ্ক্রিয়কারী দল তদন্তে কাজ করছে। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। কারখানার কাছাকাছি হওয়ার কারণে দেশটির সংগীতশিল্পী জন পার্ডির একটি কনসার্টও বাতিল করা হয়েছে।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ

