ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান : ছবি সংগৃহীত

সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরব তাকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তার এমন মন্তব্যকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জন্য বিব্রতকর বলে মনে করছেন বিশ্লেষকেরা।

স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে পারেন তিনি। এ ক্ষেত্রে দেশটির জ্বালানি খাত, সেতু এবং উৎপাদনব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্য, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে এক দিন, সেতুগুলো গুঁড়িয়ে দিতে আরেক দিন এবং উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করতে তৃতীয় দিন লাগবে।

তবে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাকে আপাতত সামরিক অভিযান না বাড়ানোর অনুরোধ জানিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার কথায়, ‘সৌদি আরব আমাকে বলেছে, পরিস্থিতি এখন যেমন আছে, আপাতত তেমনই থাকতে দিন। কারণ, তারা ভেঙে পড়ছে।’

কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব দেশও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষপাতী।

উপসাগরীয় দেশগুলোর ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য অবশ্য নতুন নয়। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক ও প্রভাবের কথা আগেও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল সৌদি আরব।

গত মার্চে ইরানকে কেন্দ্র করে সংঘাত তীব্র হওয়ার সময়ও সৌদি যুবরাজকে নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, মোহাম্মদ বিন সালমান ধারণা করেননি যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। একসময় তিনি ভেবেছিলেন, ট্রাম্পও আগের ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টদের মতো হবেন। কিন্তু এখন তাকে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। এতে বিশেষ করে ছোট দেশগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়। শুরুতে সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও পরবর্তী সময়ে ইয়েমেনের হুতিদের হামলার ঝুঁকি বেড়েছে।

গত গ্রীষ্মে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে দেশটিতে আবারও সংঘাত তীব্র হয়েছে।

এর জেরে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। এসব হামলার প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতেও। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

উপসাগরীয় দেশগুলোর ওপর চলমান সংঘাতের প্রভাব নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষক একমত হলেও মার্কিন প্রশাসনের সবাই একই অবস্থানে নেই। চলতি সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর দুর্ভোগ নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে চাননি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তার দাবি, দেশগুলো যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ ব্যয় করছে। এসব দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ২৪ বিলিয়ন ডলার।

এদিকে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান নতুন করে শুরু করার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে হরমুজ প্রণালি অবরোধ করে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিতভাবে যে তেল পরিবহন করা যাচ্ছে না, তা মূলত ইরানের তেল। তার দাবি, দেশটির ওপর অর্থনৈতিক চাপ ইতিমধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এ কারণে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখছেন না প্রেসিডেন্ট।

সূত্র: মিডল ইস্ট আই

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
আরও পড়ুন
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প