ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
আহমাদ তিবি : ছবি সংগৃহীত

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করলেও আড়ালে সরকার গঠনে তাদের সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শুক্রবার (১৩ নভেম্বর) এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি।

নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও সামনে এনেছেন তিনি। এ ঘটনায় ইসরায়েলের রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি দাবি করেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।

নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণের পরদিন এবং ফল প্রকাশের পরও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে তিবি নিজের মুঠোফোনের কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন, যদিও ছবির মান অস্পষ্ট থাকায় দর্শকদের পক্ষে লেখাগুলো স্পষ্টভাবে পড়া সম্ভব হয়নি।

তিবি আরও দাবি করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেছিলেন। ওই মন্ত্রী নাকি বলেছিলেন যে বিরোধীরা আরব দলগুলোকে নেবে না, তাই পুনরায় নির্বাচনে যাওয়াই তাদের জন্য ভালো হবে।

সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনেন না উল্লেখ করে আহমাদ তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পরই তার প্রকাশ্য অবস্থান ও গোপন তৎপরতার মধ্যকার চরম দ্বিচারিতা বা ভণ্ডামি তুলে ধরতে তিনি এসব তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছেন।

তবে আহমাদ তিবির আনা সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ অভিহিত করে দলটি দাবি করেছে, জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানো এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করা কোনো দলের সঙ্গেই লিকুদ সহযোগিতা করে না।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে বাহরাইন। 
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
ক্ষমতা ধরে রাখতে জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু, রাজি নন প্রতিদ্বন্দ্বী আইজেনকট
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ক্ষমতা ধরে রাখতে জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু, রাজি নন প্রতিদ্বন্দ্বী আইজেনকট
ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর প্রচারণায় ক্ষুব্ধ আইজেনকট 
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা গাদি আইজেনকট।
ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর প্রচারণায় ক্ষুব্ধ আইজেনকট 
ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ ‘ফাত্তাহ-২’, কেন ভয়ঙ্কর এত ইরানের এই ক্ষেপণাস্ত্র?
ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ-২’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উড্ডয়নকালে গতিপথ পরিবর্তন, অবিশ্বাস্য গতি এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতার কারণে ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তেহরান। ইরানের দাবি, প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় ফাত্তাহ-২ অনেক বেশি কৌশলগত সক্ষমতাসম্পন্ন। বিশেষ করে মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডারের পক্ষে এর গতিবিধি অনুমান করা কঠিন। ফলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করাও কঠিন হয়ে উঠতে পারে। সম্প্রতি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা বালালি ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে বেশ কিছু দাবি করেছেন। তার ভাষ্য, ফাত্তাহ-২ কোনো নির্দিষ্ট গতিপথ বা একক অ্যালগরিদম অনুসরণ করে না। বরং উড্ডয়নকালে বিভিন্ন গাণিতিক পদ্ধতি ব্যবহার করে মুহূর্তের মধ্যে অবস্থান ও গতিপথ পরিবর্তন করতে পারে। বালালির দাবি, প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা বিবেচনায় নিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। ফলে এটি কোন দিক থেকে আঘাত হানবে, তা শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। ২০২৩ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় ফাত্তাহ-২। ইরান একে ‘হাইপারসনিক গ্লাইড ভেহিকল’ (এইচজিভি) হিসেবে পরিচয় দিয়েছে। ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তি ও সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলেও আগ্রহ তৈরি হয়েছে। অবিশ্বাস্য গতি: ইরানের দাবি অনুযায়ী, ফাত্তাহ-২ শব্দের গতির ৫ থেকে ২০ গুণ, অর্থাৎ ম্যাক ৫ থেকে ম্যাক ২০ গতিতে চলতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২০ হাজার কিলোমিটার বলে দাবি করা হয়। এত দ্রুতগতির কারণে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা, গতিপথ নির্ণয় এবং প্রতিহত করার জন্য প্রতিরক্ষাব্যবস্থা খুব অল্প সময় পায়। মাঝ আকাশে গতিপথ পরিবর্তন: ফাত্তাহ-২-এর অন্যতম আলোচিত বৈশিষ্ট্য হলো উড্ডয়নকালে গতিপথ পরিবর্তনের সক্ষমতা। ইরানের দাবি, বিশেষ ইঞ্জিন ও নিয়ন্ত্রণ প্রযুক্তির সাহায্যে এটি আকাশে দিক পরিবর্তন করতে পারে। এতে শত্রুপক্ষের রাডারের পক্ষে এর সম্ভাব্য অবস্থান আগে থেকে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ ওয়ারহেড প্রযুক্তি: ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের বিশেষ নকশা ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও আলোচনা রয়েছে। দাবি অনুযায়ী, উড্ডয়নের শেষ পর্যায়ে ক্ষুদ্র ইঞ্জিন সক্রিয় হয়ে এর গতিপথ পরিবর্তনে সহায়তা করে। ফলে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগমুহূর্তেও এটি কৌশল পরিবর্তন করতে পারে। তুলনামূলক কম উৎপাদন খরচ: ইরানের সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ফাত্তাহ-২ তৈরিতে ব্যয় হতে পারে প্রায় ২ লাখ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের দাম ৩০ লাখ ডলারের বেশি। উৎপাদন ব্যয়ের এই পার্থক্য সত্য হলে তুলনামূলক কম খরচে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ তৈরি করতে পারবে ইরান। ইসরায়েলের ভৌগোলিক সীমাবদ্ধতা: আয়তনে ছোট ও ঘনবসতিপূর্ণ হওয়ায় ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করা বাড়তি চ্যালেঞ্জ। দেশটির দীর্ঘতম অংশ প্রায় ৪৭০ কিলোমিটার এবং সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ১৫ কিলোমিটার। ফলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অল্প সময়ের মধ্যে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পৌঁছাতে পারে। অন্যদিকে, ইরানের বিশাল ভূখণ্ডে সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্রের মজুত ছড়িয়ে রাখার সুযোগ তুলনামূলক বেশি। ইসরায়েলের রয়েছে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারো প্রতিরক্ষাব্যবস্থার সমন্বয়ে দেশটি বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা গড়ে তুলেছে। তবে অত্যন্ত দ্রুতগতির ও গতিপথ পরিবর্তনে সক্ষম হাইপারসনিক অস্ত্র এসব ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের কর্মকর্তারাও আগে সতর্ক করেছিলেন, হাইপারসনিক অস্ত্র প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। চলতি বছরের সংঘাতে ইসরায়েলি স্থাপনায় ফাত্তাহ-২ ব্যবহারের দাবি এবং এ-সংক্রান্ত ভিডিও ফুটেজও সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি সুরক্ষিত কমান্ড সেন্টারে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত। ফাত্তাহ-২ নিয়েই থেমে থাকতে চায় না ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ জানিয়েছেন, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ছিল আগের প্রজন্মের। এর চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ইরানের হাতে প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে ফাত্তাহ-২ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তবে এর প্রকৃত গতি, নির্ভুলতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করার কার্যকারিতা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো সীমিত। তা সত্ত্বেও হাইপারসনিক অস্ত্রের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ও ভবিষ্যৎ সংঘাতের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: ওয়ানা, টাইমস অব ইন্ডিয়া, ওয়ার্ল্ড ইস ওয়ান নিউস আরটিভি/এসকে
ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ ‘ফাত্তাহ-২’, কেন ভয়ঙ্কর এত ইরানের এই ক্ষেপণাস্ত্র?
আরও পড়ুন
ক্ষমতা ধরে রাখতে জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু, রাজি নন প্রতিদ্বন্দ্বী আইজেনকট
ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর প্রচারণায় ক্ষুব্ধ আইজেনকট 
ক্ষমতা বাঁচাতে ইরান আতঙ্ককে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন নেতানিয়াহু!
ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের