ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনে পার্টটাইম চাকরির সুযোগ দিয়েছে প্রশাসন। সম্প্রতি নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে খণ্ডকালীন টিউটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনকারীদের জন্য বাংলা ভাষায় দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজির পাশাপাশি বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগ করতে পারেন, এমন প্রার্থীদের বিশেষভাবে বিবেচনার সুযোগ রয়েছে। নিউইয়র্কে বসবাসরত যোগ্য বাংলাভাষী চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি গুরুত্বপূর্ণ হতে পারে।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সরকারি নিয়োগ ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে ‘এনওয়াইপিএল আফটার স্কুল টিউটর’ পদে কর্মী নেওয়া হচ্ছে। এটি খণ্ডকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে সপ্তাহে চার দিন, মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিদিন চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুযায়ী কর্মীদের অতিরিক্ত প্রশিক্ষণ ও বৈঠকেও অংশ নিতে হতে পারে।

নিয়োগ পাওয়া কর্মীদের প্রধান দায়িত্ব হবে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করা। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির বিনামূল্যের আফটার স্কুল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বাড়ির কাজ সম্পন্ন করা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় বুঝতে সাহায্য করতে হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে এবং ছোট দলে পাঠদান করতে হবে। পাশাপাশি শিশুদের পড়ার অভ্যাস গড়ে তোলা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বও থাকবে।

শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, উপস্থিতির তথ্য সংরক্ষণ এবং লাইব্রেরির অন্যান্য কর্মীদের সঙ্গে সমন্বয় করাও এই পদের কাজের অংশ। নিয়োগপ্রাপ্ত টিউটরকে শিশুদের জন্য নিরাপদ ও সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে অংশ নিতে শিশুদের আগাম নিবন্ধনের প্রয়োজন নেই। তারা নির্ধারিত সময়ে সরাসরি লাইব্রেরিতে এসে পড়াশোনায় সহায়তা নিতে পারে। এ কারণে শিশুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে যোগাযোগের দক্ষতা গুরুত্বপূর্ণ।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন করতে হবে। শিশু বা কিশোরদের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক স্তরের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো শেখানোর দক্ষতাও প্রয়োজন। পাশাপাশি কম্পিউটার, গুগল অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট অফিস ব্যবহারে স্বচ্ছন্দ হতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলা ভাষার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয় এবং শুধু বাংলা ভাষায় কথা বলতে পারলেই চাকরি নিশ্চিত হবে না। প্রতিষ্ঠানটি ইংরেজির পাশাপাশি বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দুসহ নির্দিষ্ট ভাষায় যোগাযোগের দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করছে। ফলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা বাংলাভাষী প্রার্থীরা এই সুবিধা কাজে লাগাতে পারেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ঘণ্টায় ২২ ডলার বেতন দেওয়া হবে। নিয়মিত ১৬ ঘণ্টার কর্মসূচি অনুযায়ী কাজের সময় নির্ধারিত থাকলেও নিউইয়র্ক সিটির স্কুল বন্ধের দিন, সরকারি ছুটি এবং নির্ধারিত বিরতিতে টিউটরদের কাজের সূচি থাকবে না। কর্মসূচিটি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলার কথা রয়েছে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
দূরপাল্লার যাত্রায় উড়োজাহাজ আর স্বল্প দূরত্বে গাড়ি এটাই এত দিন ছিল যাতায়াতের প্রচলিত চিত্র। তবে এবার মাঝারি দূরত্বের যাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ। রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এমনই একটি উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজটির নাম ‘ইএল৯ আল্ট্রা শর্ট’। এর বিশেষত্ব হলো, প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিংয়ের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি ওঠানামা করতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে উড়োজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনার নানা দিক। ইলেকট্রার তৈরি এই উড়োজাহাজে রয়েছে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর। এতে একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহন করা সম্ভব। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে পারে। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উড়োজাহাজের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। অন্যদিকে হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। শব্দদূষণও হবে তুলনামূলক কম। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর সক্ষমতাও রয়েছে এর। উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে চালু হলে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। যাত্রীদের আর বড় বিমানবন্দরে যেতে হবে না কিংবা দীর্ঘ যানজটে সময় নষ্ট করতে হবে না। ছোট পরিসরের অবকাঠামো ব্যবহার করেই যাত্রী ওঠানামা করানো সম্ভব হবে। গত বছরের অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামার পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। ইলেকট্রার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে যেতে উড়োজাহাজটিতে সময় লাগতে পারে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে। ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন প্রতিষ্ঠান উড়োজাহাজটির ২ হাজার ২০০টির বেশি ইউনিটের আগাম অর্ডার দিয়েছে বলে দাবি করেছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীদের জন্য এটি চালু হতে পারে। শুধু বেসামরিক পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় রসদ পরিবহনের পাশাপাশি মাটিতে অবস্থান করেও এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, জেনারেটর হিসেবে ব্যবহার করলে একটি উড়োজাহাজ দিয়ে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টিও। প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে আপাতত ব্যক্তিগত ব্যবহারের চেয়ে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবহনেই এর ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিএনএন আরটিভি/এসকে
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বড় ধরনের বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। রোববার (১৫ নভেম্বর) দেশটিতে ৮ হাজার ৮০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। একই দিনে বাতিল করা হয়েছে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরব তাকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী