
যুক্তরাষ্ট্রে চাকরিভিত্তিক গ্রিন কার্ডের আবেদনপ্রক্রিয়ায় নতুন নিয়ম আনার প্রস্তাব করেছে দেশটির শ্রম বিভাগ। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে। উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরিতে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নিয়োগদাতাদের চাকরির বিজ্ঞাপন ছাপা পত্রিকার পরিবর্তে অনলাইনে প্রকাশ করতে হবে। পাশাপাশি অন্তত ৯০ দিন বিজ্ঞাপন প্রচার করতে হবে এবং যোগ্য মার্কিন কর্মী নিয়োগের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালানোর প্রমাণ দেখাতে হবে। বিদেশি কর্মীদের জন্য বিশেষভাবে উপযোগী করে চাকরির বিজ্ঞপ্তি তৈরির সুযোগও বন্ধ করা হবে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, চাকরির বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ ও ধারাবাহিক নিয়োগপদ্ধতি অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অনলাইন চাকরির প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, চাকরির মেলা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক নিয়োগ কার্যক্রমের মতো মাধ্যম ব্যবহার করে কর্মী খোঁজার বিষয়টি গুরুত্ব পাবে।
এ ছাড়া চাকরির বিজ্ঞাপনে বেতন বা বেতনের পরিসীমা উল্লেখ করা এবং আমেরিকান আবেদনকারীদের যথাযথভাবে বিবেচনা করার প্রমাণ সংরক্ষণের বিষয়ও প্রস্তাবে রয়েছে।
নিয়োগকর্তাদের আবেদনকারীদের তথ্য, নিয়োগসংক্রান্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা বাড়তে পারে।
প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যেসব প্রতিষ্ঠান গত দুই বছরে একই বা কাছাকাছি ধরনের পদে আমেরিকান কর্মী ছাঁটাই করেছে, সেসব প্রতিষ্ঠান ওই পদে বিদেশি কর্মীদের জন্য শ্রম অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখে পড়তে পারে। একই এলাকায় একই ধরনের চাকরিতে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও নতুন বিধানের আওতায় বিবেচিত হতে পারে।
স্বাস্থ্যসেবা খাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে কিছু পেশার ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে, যার আওতায় নার্স, ফিজিক্যাল থেরাপিস্ট এবং বিজ্ঞান ও শিল্পকলার কিছু বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রচলিত শ্রমবাজার যাচাইয়ের কয়েকটি ধাপ এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। প্রস্তাবিত পরিবর্তনে এই ছাড় বাতিল করা হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাদেরও সাধারণ শ্রমবাজার যাচাইয়ের নিয়ম অনুসরণ করতে হতে পারে।
এই প্রস্তাব কার্যকর হলে চাকরিভিত্তিক গ্রিন কার্ডের আবেদনপ্রক্রিয়ায় নিয়োগকর্তাদের নথিপত্র প্রস্তুত, চাকরির বিজ্ঞাপন ও কর্মী যাচাইয়ের কাজ আরও বাড়বে। বিশেষ করে ইবি-২ ও ইবি-৩ শ্রেণির চাকরিভিত্তিক গ্রিন কার্ডের আবেদনকারীদের ক্ষেত্রে পরিবর্তনটি গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে এটি এখনো চূড়ান্ত আইন নয়, বরং একটি প্রস্তাবিত বিধান। প্রস্তাবটি কার্যকর হওয়ার আগে সরকারি পর্যালোচনা, মতামত গ্রহণ ও চূড়ান্ত বিধি প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই এখনই চাকরিভিত্তিক গ্রিন কার্ডের নিয়ম পরিবর্তন হয়ে গেছে বলে ধরে নেওয়া উচিত নয়। সূত্র: আনাদোলু এজেন্সি।
আরটিভি/টিআর



