ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে তদন্তের সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
প্রতীকী ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের লোককথায় বহু বছর ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ। এসব নথির মধ্যে রয়েছে ১৯৮২ সালে রহস্যময় বিশাল পায়ের ছাপ নিয়ে চালানো একটি সরকারি তদন্ত, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক পায়ের ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। নথিগুলো প্রকাশের পর বিগফুটের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এসব নথিতে প্রাণীটির অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অধীন বন বিভাগ ১৫ অক্টোবর তাদের তথ্য অধিকার আইনের আওতাধীন অনলাইন আর্কাইভে ‘বিগফুট/স্যাসকোয়াচ রেকর্ডস’ শিরোনামে নথিগুলো প্রকাশ করে। ২০ নভেম্বর ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি সামনে আসার পর এ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়। প্রকাশিত নথির মধ্যে সবচেয়ে বিস্তারিত তথ্য রয়েছে ১৯৮২ সালের জুনে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওয়াল্লা ওয়াল্লার কাছের উমাটিলা ন্যাশনাল ফরেস্টের মিল ক্রিক এলাকায় চালানো তদন্তে।

ওই সময় বন বিভাগের খণ্ডকালীন টহল কর্মকর্তা পল ফ্রিম্যান দাবি করেছিলেন, প্রত্যন্ত বনাঞ্চলে তিনি অস্বাভাবিক এক প্রাণী দেখেছেন। কয়েক দিন পর ওই এলাকার কাদামাটিতে বিশাল আকৃতির পায়ের ছাপও খুঁজে পান বলে জানান তিনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর ১৭ জুন ১৯৮২ সালে বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারীরা দুটি স্থানে ছাপের ছবি তোলেন, পরিমাপ করেন এবং নমুনা সংরক্ষণের জন্য প্লাস্টারের ছাঁচ তৈরি করেন।

সরকারি তদন্ত প্রতিবেদনে একটি ছাপের দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৭ ইঞ্চি বলে উল্লেখ করা হয়। একটি স্থানে প্রায় ২৫ ফুট এলাকাজুড়ে ছয়টি স্পষ্ট ছাপ পাওয়া যায়। অন্য একটি স্থানে প্রায় ৪০ ফুট এলাকাজুড়ে ১৮টি ছাপের সন্ধান মেলে। ছাপগুলোর কিছু অংশ ঘন গাছপালার মধ্য দিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তদন্তকারীরা এসব ছাপের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।

বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞ রডনি এল জনসন বিস্তারিত পরীক্ষা শেষে বলেন, ছাপগুলো প্রায় ৩০০ পাউন্ড বা তার বেশি ওজনের কোনো বিশাল দ্বিপদ প্রাণীর তৈরি নয়। তার যুক্তি ছিল, বিভিন্ন ঢালু জায়গায়ও পায়ের ছাপের মধ্যবর্তী দূরত্ব প্রায় একই ছিল। সাধারণত পাহাড়ি পথে হাঁটার সময় পায়ের পদক্ষেপে পরিবর্তন দেখা যাওয়ার কথা। তাছাড়া তদন্তকারীদের জুতার ছাপ কাদায় আরও গভীরভাবে বসেছিল, অথচ কথিত বিগফুটের ছাপ ছিল তুলনামূলক অগভীর। কিছু জায়গায় ছাপের শুরু ও শেষও স্বাভাবিকভাবে সংযুক্ত ছিল না।

একই তদন্তে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর ট্র্যাকার জোয়েল হার্ডিনও ছাপগুলো পরীক্ষা করেন। ২৮ জুলাই ১৯৮২ তারিখের এক স্মারকলিপিতে তিনি এগুলোকে অত্যন্ত পরিকল্পিত জালিয়াতির চেষ্টা বলে উল্লেখ করেন। তার ধারণা, নরম প্লাস্টার বা রাবার দিয়ে তৈরি কোনো কৃত্রিম পায়ের ছাঁচ ব্যবহার করে ছাপগুলো তৈরি করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এগুলো তৈরি করেছিলেন, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিগফুটের অস্তিত্বে বিশ্বাসী ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রয়াত নৃতত্ত্ববিদ গ্রোভার ক্রান্টজ তদন্তকারীদের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। তিনি সংরক্ষিত ছাপের ছাঁচ পরীক্ষা করে দাবি করেছিলেন, পায়ের ত্বকের সূক্ষ্ম রেখার মতো কিছু বৈশিষ্ট্য কৃত্রিমভাবে তৈরি করা কঠিন। তাই তার মতে, ছাপগুলো বাস্তব হতে পারে। পল ফ্রিম্যানের ছেলে মাইকেলও তার বাবার দাবি সমর্থন করে আসছেন। তবে এসব বক্তব্যের কোনোটিই বিগফুটের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে স্বীকৃত হয়নি।

প্রকাশিত আরেকটি নথিতে মন্টানা অঙ্গরাজ্যের পেটি ক্রিক এলাকার ১৯৪৯ ও ১৯৫০ সালের দুটি ঘটনার বিবরণ রয়েছে। স্থানীয় বাসিন্দা লিও কিনি ১৯৮০ সালে লেখা ছয় পৃষ্ঠার একটি স্মৃতিচারণে ঘটনাগুলো তুলে ধরেন। তার বর্ণনা অনুযায়ী, ১৯৪৯ সালে তিনজন শিকারির সঙ্গে একটি মৃত এলকের সন্ধানে গিয়ে তারা প্রাণীটির শুধু নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। কাছেই বরফের ওপর বড় আকৃতির কিছু পায়ের ছাপ পাওয়া যায়, যা প্রায় আধা মাইল পর্যন্ত অনুসরণ করেছিলেন তারা। পরের বছর একই এলাকায় ডব্লিউ ডব্লিউ স্মিটজ অস্বাভাবিক ছাপ, তীব্র গন্ধ এবং গর্জনের মতো শব্দ শুনেছিলেন বলে কিনি লিখেছেন। তবে কোনো ঘটনাতেই তারা প্রাণীটিকে সরাসরি দেখতে পাননি।

তৃতীয় নথিটি ২০০৩ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত মন্টানার ক্লার্ক ফর্ক ভ্যালি প্রেস পত্রিকার একটি প্রতিবেদন। এতে স্যান্ডার্স কাউন্টির রিভার রোড ওয়েস্ট এলাকায় তুষারপাতের পর শত শত বড় পায়ের ছাপ পাওয়ার কথা বলা হয়েছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দা ছাপগুলো অনুসরণ করে জঙ্গলের দিকে গিয়েছিলেন। একটি ছাপের দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৬ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৮ ইঞ্চি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে পরদিন বৃষ্টিতে অধিকাংশ ছাপ মুছে যায়। স্থানীয়দের কেউ কেউ এগুলোকে বিগফুটের ছাপ বলে মনে করলেও তখনও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

বিগফুট বা স্যাসকোয়াচ উত্তর আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী বিশাল, লোমশ ও মানুষের মতো দেখতে রহস্যময় প্রাণী হিসেবে লোককথায় পরিচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং কানাডার বিভিন্ন এলাকায় এ প্রাণীকে দেখার দাবি বহু বছর ধরে প্রচলিত। বিভিন্ন সময়ে পায়ের ছাপ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সামনে এলেও প্রাণীটির অস্তিত্ব প্রমাণ করার মতো নির্ভরযোগ্য শারীরিক নমুনা, দেহাবশেষ বা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য ভিডিও পাওয়া যায়নি। অধিকাংশ বিজ্ঞানী তাই বিগফুটের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান।

বন বিভাগ অবশ্য এ ধরনের ঘটনাকে পুরোপুরি উপেক্ষা করছে না। ক্যালিফোর্নিয়ার স্ট্যানিসলস ন্যাশনাল ফরেস্টে সম্প্রতি ‘বিগফুট ইন ইয়োর ব্যাকইয়ার্ড’ নামে একটি আলোচনার আয়োজনও করা হয়। সেখানে বন বিভাগের কর্মীরা স্থানীয় লোককথা, বিভিন্ন সময়ের প্রাণী দেখার দাবি এবং বনাঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে আলোচনা করেন। সংস্থাটির বক্তব্য, বিগফুটের অস্তিত্ব নিশ্চিত বা অস্বীকার করার মতো কোনো সিদ্ধান্ত তাদের নেই। তবে এসব গল্প স্থানীয় ইতিহাস ও লোকজ সংস্কৃতির অংশ।

সরকারি নথি প্রকাশের সময় নিয়েও বিগফুট অনুসন্ধানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিগফুট সোসাইটির জেরেমিয়া বায়রন বলেছেন, সরকার সম্প্রতি ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তুসংক্রান্ত নথি প্রকাশের উদ্যোগ নেওয়ার পর বিগফুটের পুরোনো তথ্যও সামনে আসছে। তার আশা, ভবিষ্যতে এ ধরনের আরও সরকারি নথি প্রকাশ করা হতে পারে। তবে বন বিভাগ নথি প্রকাশের পেছনে বিশেষ কোনো নতুন অনুসন্ধান বা বিগফুটের অস্তিত্বসংক্রান্ত সিদ্ধান্তের কথা জানায়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পায়ে হেঁটে ভ্রমণে বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় ২৩তম নিউইয়র্ক
হেঁটে শহর ঘুরে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ২০২৬ সালের এই তালিকায় যুক্তরাষ্ট্রের একমাত্র শহর হিসেবে স্থান পেয়েছে নিউইয়র্ক, যার অবস্থান ২৩তম। ভ্রমণকারীদের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে বিনামূল্যে হাঁটাভ্রমণের আয়োজনকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরু-ওয়াক (GuruWalk)।
পায়ে হেঁটে ভ্রমণে বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় ২৩তম নিউইয়র্ক
৬৬ বছর বয়সে আইনের ডিগ্রি, স্বপ্নপূরণে পাশে ৯২ বছরের মা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বনি গোল্ডম্যান ৬৯ বছর বয়সে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। প্রায় পাঁচ দশক আগে মাঝপথে ছেড়ে দেওয়া পড়াশোনা শেষ করতে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরেছিলেন তিনি।
৬৬ বছর বয়সে আইনের ডিগ্রি, স্বপ্নপূরণে পাশে ৯২ বছরের মা
যুক্তরাষ্ট্রে চাকরির ইন্টারভিউয়ে সাফল্য পেতে ৫ প্রশ্নের স্মার্ট উত্তর
যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়া যেমন সহজ, তেমনই কঠিন। শুধু ভালো রেজ্যুমে কিংবা কাজের অভিজ্ঞতা থাকলেই ইন্টারভিউতে সফল হওয়া যায় না। নিয়োগদাতার সামনে নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা কতটা স্পষ্টভাবে তুলে ধরতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রে চাকরির ইন্টারভিউয়ে সাফল্য পেতে ৫ প্রশ্নের স্মার্ট উত্তর
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে প্রায় ২৭৫ কোটি টাকা (২ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের পণ্য চুরির ঘটনায় বড় ধরনের অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়তে সব সময় চার বছরের কলেজ ডিগ্রি বা দীর্ঘমেয়াদি পড়াশোনার প্রয়োজন হয় না। কয়েক সপ্তাহ থেকে দুই বছরের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করেও হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম কিংবা মেডিকেল ল্যাবে কাজের সুযোগ তৈরি করা সম্ভব।
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
আরও পড়ুন
পায়ে হেঁটে ভ্রমণে বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় ২৩তম নিউইয়র্ক
৬৬ বছর বয়সে আইনের ডিগ্রি, স্বপ্নপূরণে পাশে ৯২ বছরের মা
যুক্তরাষ্ট্রে চাকরির ইন্টারভিউয়ে সাফল্য পেতে ৫ প্রশ্নের স্মার্ট উত্তর
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি