
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানি গ্রহণ করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (৪ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত একইসাথে তার অর্থদণ্ডাদেশ স্থগিত করেছেন।
আলোচিত এই মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হয় গত ৩০ সেপ্টেম্বর। বরগুনার জেলা ও দায়রা জজ আদালত রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জন অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন। বেকসুর খালাস দেয়া হয় এ মামলার অপর চার আসামিকে।
গত বছর ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড, মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী এবং তাদের সাথে থাকা আরও দশ থেকে ১২ জন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রিফাতের স্ত্রী মিন্নি।
পরে গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।
এমকে




