
রাজধানীর উত্তরায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার ফ্ল্যাটে যায়।
অভিযোগ অনুযায়ী, সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে মামলা নিষ্পত্তির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ভয়ে ভুক্তভোগী তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্তরা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) জানান, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।
আরটিভি/এসকে



