
আইনজীবী হিসেবে সনদ গ্রহণের পর আইন পেশায় নিয়োজিত না থেকে চাকরি, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনজীবী হিসেবে সনদ নিয়ে অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে রিট আবেদনকারীর আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, গণবিজ্ঞপ্তির মাধ্যমে আইনজীবী হিসেবে সনদ নিয়ে চাকরি, ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত ব্যক্তিদের সনদ বা লাইসেন্স সমর্পণের নির্দেশনা দেওয়া হবে। অন্যথায় সংশ্লিষ্ট পেশা বা ব্যবসা থেকে বিরত থাকতে সতর্ক করা হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত ২৬ অক্টোবর আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এ রিট আবেদন করেন। আবেদনে ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ এবং বার কাউন্সিলের আচরণবিধি অনুসারে দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
রিট আবেদনে উল্লেখ করা হয়, আইন পেশার সনদ গ্রহণের পরও অনেকে ব্যবসা-বাণিজ্য, চাকরি, ঠিকাদারি, পরিবহন, গাড়ির শোরুম, ইট-বালু-সিমেন্টের ব্যবসা, মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এমনকি কেউ কেউ সনদ সমর্পণ না করেই সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা কোম্পানি, ওষুধের ফার্মেসি এবং মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরি করছেন। কেউ কেউ বিদেশে অবস্থান করেও চাকরিতে নিয়োজিত রয়েছেন।
আবেদনকারীর দাবি, এসব কর্মকাণ্ড বার কাউন্সিলের আইন ও আচরণবিধির পরিপন্থী এবং এর ফলে আইন পেশার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
রিটে আরও বলা হয়, এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের আইনি নোটিশ পাঠানো হয়। তাতেও সাড়া না পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
রিটের শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
হাইকোর্ট ২০২৩ সালের ৩০ জানুয়ারির আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন।
আরটিভি/এসকে


