
গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। প্রথম দিনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন। যুক্তিতর্ক অসমাপ্ত থাকায় আজ বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম এবং গুম ও হত্যার শিকার ব্যক্তিদের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারও উপস্থিত ছিলেন।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। প্রথম দিনের যুক্তিতর্ক ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় গত ১৯ নভেম্বর। ওইদিন মামলার ১৫তম ও সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়।
এরপর গত রোববার (২২ নভেম্বর) আসামিপক্ষে একমাত্র সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি জিয়াউল আহসানের পক্ষে বিভিন্ন মামলাসংশ্লিষ্ট নথিপত্র ও একটি পেনড্রাইভে ভিডিও ট্রাইব্যুনালে দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তাকে জেরা করেন। জেরায় তাসলিমা জাহান পপি জানান, দাখিল করা নথিপত্রের সত্যতা তিনি ব্যক্তিগতভাবে যাচাই করেননি। পেনড্রাইভে থাকা ভিডিওগুলোও তিনি নিজে দেখেননি।
সাফাই সাক্ষ্য শেষে জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহার জানান, আসামিপক্ষে আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না। এরপর ট্রাইব্যুনাল ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
তিন অভিযোগে শতাধিক হত্যার অভিযোগ
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনটি পৃথক ঘটনায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতি ও সংশ্লিষ্টতা ছিল।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ আরও প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এখন মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হলে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলার রায় ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।
আরটিভি/এমএ


